গৌতম গম্ভীরের সময় ভারতীয় টেস্ট ও এক দিনের দলে নিয়মিত হয়েছেন প্রসিধ। জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পর দলের গুরুত্বপূর্ণ পেসার হিসেবেও বিবেচিত হচ্ছেন তিনি।
এক দিনের ক্রিকেটকে কঠিন বলার কারণ ব্যাখ্যা করে প্রসিধ বলেন, 'এক দিনের ফরম্যাট খুবই আকর্ষণীয়। আমার মতে এটাই সবচেয়ে কঠিন। কারণ ম্যাচের বিভিন্ন পর্যায়ে মানিয়ে নেওয়ার ব্যাপার থাকে। বিশেষ করে বোলারদের জন্য। ম্যাচের তিন পর্বেই বল করতে হয়। পাওয়ার প্লে এক দিনের ক্রিকেটকে বোলারদের জন্য আরও চ্যালেঞ্জিং করে তুলেছে।'
আগামী বছর সাউথ আফ্রিকায় এক দিনের বিশ্বকাপকে সামনে রেখেও নিজেদের প্রস্তুতি নিয়ে ভাবছেন প্রসিধ। বর্তমানে এক দিনের ক্রিকেটে বড় সংগ্রহ নিয়মিত হয়ে যাওয়ায় বোলারদের কাজ আরও কঠিন হয়েছে বলে মনে করেন তিনি।
প্রসিধ বলেন, 'এখন প্রায় সব ম্যাচেই প্রচুর রান হয়। ৩০০ বা ৩৫০ রান এক দিনের ক্রিকেটে প্রায় নিয়মিত হয়ে গিয়েছে। বোলার হিসাবে আমাদের চ্যালেঞ্জ হল, প্রতিপক্ষকে যতটা সম্ভব কম রানে আটকে রাখা। এ জন্য নানা রকম কৌশল নিতে হয় আমাদের।'
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিউজিল্যান্ড সফরে যাবে ভারত। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি, পাঁচটি এক দিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে দলটি। নিউজিল্যান্ডের কন্ডিশনে পেসারদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলেও মনে করছেন প্রসিধ।
নিউজিল্যান্ড সফর নিয়ে প্রসিধ বলেন, 'নিউজিল্যান্ড সফর সম্পূর্ণ অন্য রকম চ্যালেঞ্জ। ক্রিকেট খেলার জন্য দুর্দান্ত জায়গা। বোলারদের সব ব্যাপারে পরীক্ষা দিতে হয়। দক্ষতা, সহনশীলতা এবং দীর্ঘ সময় বা দফায় দফায় বল করার মতো চ্যালেঞ্জ থাকবে। আপাতত আমরা সাধারণ বিষয়গুলো যাতে ঠিকঠাক হয়, সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছি।'
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ২৮টি এক দিনের ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন প্রসিধ। নয়টি টেস্টে তাঁর শিকার ৩২ উইকেট।