মঞ্চের এক কোনায় দাঁড়িয়ে মিরাজ ও মঈন উদ্দিন মিলে লাল বোতাম চাপতেই বেরিয়ে এলো সোনালি রঙের দৃষ্টিনন্দন এক ট্রফি। পরবর্তীতে নেচে গেয়ে, বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং টুর্নামেন্টের। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। ১৬ গ্রুপে ভাগ দিয়ে এক ট্রফির জন্য লড়বে ৭০টি দল। গত মৌসুমে বেশি বয়সের ক্রিকেটার খেলায় ব্যাপক সমালোচনা হয়েছে। সেটা সামলাতে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
নতুন নিয়ম অনুযায়ী, ২৫ বছরের বেশি বয়সী কোনো ক্রিকেটার এবার তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ে খেলতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম চেয়ারম্যান মঈন উদ্দিন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখন যারা আছে তাদের আমরা ২৫ বছর বয়স পর্যন্ত নির্ধারণ করেছি। ২৫ বছরের বেশি বয়সের কেউই খেলতে পারছে না।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কিংবা তৃতীয় বিভাগ কোয়ালিফাইংয়ে সবচেয়ে বড় অভিাযোগ ম্যাচ পাতানো। এমনকি আম্পায়ারদের উপর প্রভাব খাটানোর বিষয়ও অনেক সময় উঠে এসেছে। তবে এবার এমন কিছু হবে না বলে আশ্বস্ত করেছেন মঈন উদ্দিন। সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, সব বিভাগের সঙ্গে আলাপ করে প্রটেকশন নিয়েছেন। সেটা পর্যবেক্ষণ করার জন্য সাংবাদিকদের মাঠেও যারার অনুরোধ করেছেন তিনি।
মঈন উদ্দিন বলেন, ‘সব ধরনের প্রটেকশন আমরা নিয়েছি। আপনারা নিজেরাও ওই খেলাগুলো দেখতে যাবেন, আপনারা নিজেরা গিয়ে পর্যবেক্ষণ করেন। আমার কথা হচ্ছে আমরা কী ধরনের প্রটেকশন নিয়েছি আপনারা সেখানে গেলে বুঝতে পারবেন। আম্পায়ারের পাশাপাশি যতগুলো ডিপার্টমেন্ট জড়িত রয়েছে তাদের সবার সঙ্গে আমাদের কথা হয়েছে।
সিসিডিএম চেয়ারম্যান আরও যোগ করেন, ‘ তারা সবাই সিরিয়াস যে এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আম্পায়ারা খুবই সিরিয়াস এবং আমি মনে করি খুবই ভালো খেলা হবে। বড় বড় লোকের প্রভাব থাকবে এরকম কোনো সুযোগ নাই। কোনো সুযোগ দিব না আমরা ইনশাআল্লাহ। ১০০ পারসেন্ট ফেয়ারলি খেলা হবে।’
এক লাখ টাকা দিয়েই টুর্নামেন্টের জন্য নিবন্ধন করার সুযোগ পাচ্ছে ক্লাবগুলো। ঢাকার ৮টি ভেন্যুতে হবে এবারের তৃতীয় বিভাগ কোয়ালিফাইং। যেখানে ভেন্যু হিসেবে রাখা হয়েছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (পিকেএসপি) ১ ও ২ নম্বর গ্রাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর গ্রাউন্ড, পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেটার্স একাডেমি গ্রাউন্ড ও কেরানিগঞ্জের বেয়ারা তেগুরিয়া ক্রিকেট স্টেডিয়াম।