১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল জাপান। অষ্টম ওভারে তাদের রান ছিল ৫৩, হাতে আট উইকেট। এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আরব গুল। ১২তম ও ১৪তম ওভারে জোড়া উইকেট নিয়ে জাপানকে মাত্র তিন রানের ব্যবধানে চার থেকে আট উইকেটে নামিয়ে দেন এই ডানহাতি রিস্ট স্পিনার।
টি-টোয়েন্টি অভিষেকেই ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন আরব গুল। তার বোলিংয়ে ছিল ১৯টি ডট বল। পরে নানগিয়ালিয়া খারোত ১৯ রানে তিন উইকেট নিয়ে জাপানের শেষ প্রতিরোধও ভেঙে দেন। আবদুল্লাহ আহমাদজাই নেন দুটি উইকেট। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ৮১ রানে অলআউট হয় স্বাগতিকরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১২৯ রান করে আফগানিস্তান। মোহাম্মদ আকরাম ৩৪, অধিনায়ক দারবিশ রাসুলি ২৯ ও করিম জানাত ২১ রান করেন। শেষ দিকে মোহাম্মদ ইশাকের ১৭ বলে অপরাজিত ২৫ রানে লড়াই করার মতো সংগ্রহ পায় তারা। জাপানের হয়ে শোমা সুগায়া-স্লেটার ও ইব্রাহিম তাকাহাশি নেন দুটি করে উইকেট।
প্রথম ১৫ ওভারে আফগানিস্তানকে প্রতি ওভারে ছয় রানের নিচে আটকে রেখেছিল জাপানের বোলাররা। কিন্তু শেষ দিকে দারবিশ রাসুলির তিনটি চার ও মোহাম্মদ ইশাকের ঝোড়ো ব্যাটিংয়ে ১২৯ রানে পৌঁছে যায় আফগানরা। জাপানের হয়ে শোমা সুগায়া-স্লেটার ও ইব্রাহিম তাকাহাশি দুটি করে উইকেট নেন।
এই জয়ে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের গ্রুপ ‘এ’-তে দুই পয়েন্ট নিয়ে শুরু করল আফগানিস্তান। একই গ্রুপে আছে নেপাল ও জাপান। দুই দলেরই পরের ম্যাচ নেপালের বিপক্ষে। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে কোয়ার্টার ফাইনালে।