এশিয়ান গেমসের ফাইনালে চোখ লিটনের, এরপর অলিম্পিকে

এশিয়ান গেমস
সংবাদ সম্মেলনে লিটন দাস
সংবাদ সম্মেলনে লিটন দাস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভূক্ত হওয়ার পর ২০১০ সালে প্রথম আসরেই স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেবার ভারত ও পাকিস্তানের মতো দলগুলো এশিয়ান গেমসে নিজেদের প্রথম সারির দল পাঠায়নি। বাংলাদেশ সেই সুযোগটাই লুফে নিয়েছিল। বাংলাদেশও তুলনামূলক কম শক্তিশালী দল নিয়েও স্বর্ণ জিতে নিয়েছিল।

এবার চিত্রটা বেশ ভিন্ন। ভারত-পাকিস্তান সহ প্রায় সবাই মূল দল নিয়ে এশিয়ান গেমসে যাচ্ছে। বাংলাদেশও স্বর্ণ জেতার লক্ষ্যে মূল দল পাঠাচ্ছে। অধিনায়ক হিসেবে যাচ্ছেন লিটন দাস। গত কিছুদিন ধরেই এশিয়ান গেমসের ক্রিকেটাররা মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ক্যাম্প করেছেন। লিটনও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট।

এশিয়ান গেমসে নিজেদের লক্ষ্য নিয়ে লিটন বলেন, 'মূল লক্ষ্য হলো এই টুর্নামেন্টে কীভাবে ভালো খেলা যায় এবং ফাইনাল পর্যন্ত যাওয়া যায়। কারণ ফাইনালে উঠলে সোনা জেতার একটা সুযোগ থাকবে। তার আগে তো ফাইনাল পর্যন্ত পৌঁছাতে হবে। ক্রিকেটে যেটা আমরা সবসময় বলি- ম্যাচ বাই ম্যাচ যাওয়া। আমরা ম্যাচ ধরেই এগোব এবং মূল লক্ষ্য ওটাই।'

ছেলেদের আসর শুরুর আগেই শেষ হয়েছে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট। পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ জেতার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। মেয়েরা খালি হাতে ফিরলেও লিটনরা ফাইনালে খেলতে চান যেকোনো মূল্যে। এই টুর্নামেন্টে খেলার জন্য ক্রিকেটাররা উদগ্রীব হয়ে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে ক্রিকেট। সেখানে অবশ্য খুব কম দলই সুযোগ পাবে। সেই সমীকরণ এখনও ঠিক হয়নি। তবে এশিয়ান গেমসের ফাইনালে অলিম্পিকে খেলার স্বপ্নে এক পা দিয়ে রাখতে চান লিটন। তিনি যোগ করেন, 'আমাদের মূল লক্ষ্য আপাতত ফাইনাল খেলা। আমরা যদি ভালো কিছু করে অলিম্পিকে যাওয়ার সুযোগ তৈরি করতে পারি, তবে বাংলাদেশের অন্যান্য খেলার ক্ষেত্রেও তা ইতিবাচক প্রভাব ফেলবে।'

ক্রিকেটারদের আগ্রহ নিয়ে লিটন বলেন, 'আমাদের খেলোয়াড়রা অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছে এই প্রতিযোগিতায় খেলার জন্য। কারণ এই প্রতিযোগিতাটা প্রতিবছর আসে না। আপনারা ফ্র্যাঞ্চাইজি লীগ বা জাতীয় দলের যেকোনো জিনিস এক বছর পর পরই পেয়ে যাবেন। কিন্তু এই খেলাটা খুব বিরল। প্রত্যেকটা খেলোয়াড় অনেক রোমাঞ্চিত এবং বড় স্বপ্ন যেটা, সেটাই পূরণ করার চেষ্টা সবাই করব।'

আরো পড়ুন: