সাব্বিরের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে যা বলছেন লিটন

বাংলাদেশ ক্রিকেট
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা সাব্বির রহমানের সামনে এখনও সুযোগের দরজা খোলা। সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করে আলোচনায় আসা এই ব্যাটারকে নিয়ে নির্বাচক ও দলের ভেতরে ভাবনা রয়েছে। তবে ফেরার জন্য তাকে লড়াই করতে হবে একই পজিশনের অন্য ক্রিকেটারদের সঙ্গে।

একটা সময় জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সাব্বির লম্বা সময় ধরেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই। বিপিএলের মতো টুর্নামেন্ট খেললেও জাতীয় দলে ফিরতে পারছিলেন না তিনি। তবে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়ে প্রথমবার ফেরার পথ খুঁজে পেয়েছেন মারকুটে এই ব্যাটার।

যদিও মালয়েশিয়ার বিপক্ষে ভালো করতে পারেননি তিনি। তবে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন সাব্বির। ৭ ম্যাচে ১২৪.৩২ স্ট্রাইক রেটে করেছেন ১৮৪ রান। এমন পারফরম্যান্সের পর রুবেলের মতো তিনিও এশিয়ান গেমসের দলে জায়গা পাননি।

তারপরও জাতীয় দলের দরজায় ফেরার দৌড়ে সাব্বিরকে পিছিয়ে রাখছেন না অধিনায়ক লিটন দাস। নিচের দিকে ব্যাটিংয়ের জায়গাগুলোতে একাধিক ক্রিকেটারকে পরখ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সেখানে সাব্বিরও থাকছেন বিবেচনার তালিকায়।

লিটন বলেন, ‘নির্বাচক, কোচ, আমার- সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা খোলা। যে ভালো করবে, তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি দলে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি। ৫-৬ নম্বরে ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে তাদের সুযোগ দেব। যে ভালো করবে, যাকে উপযুক্ত মনে হবে, তাকেই খেলানোর চেষ্টা করা হবে।’

এই মুহূর্তে অবশ্য ইয়াসির আলী চৌধুরী রাব্বির দিকেই বাড়তি নজর রয়েছে। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে পারফরম্যান্স করায় তার সামনে সুযোগ তৈরি হয়েছে। তবে দলের পরিকল্পনায় একই সঙ্গে আরও কয়েকজন ব্যাটারকে পর্যবেক্ষণ করা হবে।

এশিয়ান গেমসের আগে বাংলাদেশ দলে আরেকটি পরিবর্তনের সম্ভাবনাও তৈরি হয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি। এ বিষয়ে নির্বাচকেরাই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

লিটন বলেন, 'সর্বশেষ যে ৩ জন অলরাউন্ডার খেলেছে তিনজনই ইজুরিতে। এই মুহূর্তে আমি আর কাউকে দেখছি না। হ্যাঁ, তরুণ কয়েকজন আছে। তাদের নিয়ে কোচরা কাজ করছে। আশা করি এক-দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব।'

আরো পড়ুন: