৫ বছর পর শ্রীলঙ্কা দলে ডিকওয়েলা

শ্রীলঙ্কা ক্রিকেট
নিরোশান ডিকওয়েলা, ফাইল ফটো
নিরোশান ডিকওয়েলা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে শ্রীলঙ্কার দলে ফিরেছেন আশেন বান্দারা ও নিরোশান ডিকওয়েলা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন দুজনই। বান্দারা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৩ সালে, আর ডিকওয়েলার সর্বশেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ২০২১ সালে।

১৫ সদস্যের দলটির অধিনায়ক করা হয়েছে সাহান আরাচ্চিগেকে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন সিনেথ জয়াবর্ধনে, সোহান ডি লিভেরা, ওয়ানুজা সাহান ও গারুকা সংকেত। নিয়মিত দলের বেশিরভাগ খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে এশিয়ান গেমসের জন্য দল সাজিয়েছে শ্রীলঙ্কা।

অভিজ্ঞতার কথা বিবেচনা করেই বান্দারা ও ডিকওয়েলাকে দলে নেয়া হয়েছে। যদিও সদ্য শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে দুজনের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কলম্বো কেপসের হয়ে বান্দারা তিন ম্যাচে করেছেন ২৮ রান। ডাম্বুলা সিক্সার্সের হয়ে ডিকওয়েলা ১১০ রান করেছেন, স্ট্রাইক রেট ছিল ১৪২.৮৫।

লঙ্কা প্রিমিয়ার লিগে নজর কেড়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার ওয়ানুজা সাহান। কলম্বোর হয়ে ১০ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৩০। এলিমিনেটরে ম্যাচসেরা হওয়ার পথে আট রানে নিয়েছিলেন দুই উইকেট।

ব্যাট হাতেও এক ম্যাচে ১৫ বলে অপরাজিত ৩৪ রান করেছিলেন তিনি। পেসার গারুকা সংকেত লঙ্কা প্রিমিয়ার লিগে গতি দিয়ে আলোচনায় এলেও চার ম্যাচে পাননি কোনো উইকেট। পরে মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুরস স্পোর্টস ক্লাবের হয়ে ৮.৮৭ গড়ে ১১ উইকেট নেন।

মেজর ক্লাবস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন জয়াবর্ধনে ও ডি লিভেরা। জয়াবর্ধনে ৩৭২ রান করেছেন ১৬৭.৫৬ স্ট্রাইক রেটে, ডি লিভেরার রান ৩০৭, স্ট্রাইক রেট ১৫৬.৬৩। টুর্নামেন্টের ফাইনালে তামিল ইউনিয়নের হয়ে ৩২ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেন জয়াবর্ধনে।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও এশিয়ান গেমসের দলে ফিরেছেন লেগ স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্ত। ঘরোয়া টুর্নামেন্টে ১৭ উইকেট নিয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। দলে ফিরেছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নেও। গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অলরাউন্ডার লঙ্কা প্রিমিয়ার লিগে ২৫৩ রান করেছিলেন ১৫৭.১৪ স্ট্রাইক রেটে।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কা। ২৯ সেপ্টেম্বর নিশিনে তাদের প্রথম ম্যাচ। এর আগে সর্বশেষ আসরেও আরাচ্চিগের নেতৃত্বে খেলেছিল শ্রীলঙ্কা। সেবার আফগানিস্তানের কাছে হেরে একটি ম্যাচ খেলেই বিদায় নিতে হয়েছিল তাদের।

শ্রীলঙ্কা স্কোয়াড- সাহান আরাচ্চিগে (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, লাসিথ ক্রুসপুল্লে, সিনেথ জয়াবর্ধনে, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা করুণারত্নে, থারিন্দু রত্নায়েকে, ওয়ানুজা সাহান, বিজয়কান্ত ভিয়াসকান্ত, দুশন হেমন্ত, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও গারুকা সংকেত।

আরো পড়ুন: