ইংল্যান্ডকে বিশ্বসেরা টেস্ট দল বানানোর স্বপ্ন ফ্লেমিংয়ের

ইংল্যান্ড ক্রিকেট
স্টিফেন ফ্লেমিং, ফাইল ফটো
স্টিফেন ফ্লেমিং, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের টেস্ট দলের নতুন কোচ স্টিফেন ফ্লেমিং দায়িত্ব নিয়েই বড় লক্ষ্য নির্ধারণ করেছেন। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে দলকে সর্বোচ্চ শিখরে নেয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখছেন তিনি। একই সঙ্গে ইংল্যান্ডকে বিশ্বের এক নম্বর টেস্ট দল বানানোর আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের সাদা বলের সিরিজ শেষের পথে। এর মধ্যেই টেস্ট দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ফ্লেমিং। দীর্ঘ সংস্করণে ইংল্যান্ডের সাম্প্রতিক অবস্থান বদলে দেওয়ার সুযোগটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন তিনি।

'এটি আমাদের বড় লক্ষ্যগুলোর একটি, এটি আমাদের আকাঙ্ক্ষা। ইংল্যান্ড এর চেয়ে অনেক ভালো করতে পারে। এমনকি ওভার রেট নিয়েও আমাদের মানসিকতা বদলাতে হবে। আমার মনে হয়, সেটিও দলের পরিচয় ও খেলার ধরন থেকে আসে।'

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাকে অন্য বড় আন্তর্জাতিক শিরোপার মতোই গুরুত্ব দিতে চান ফ্লেমিং। তিনি বলেন, 'বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ট্রফি যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়, তাহলে সামনে আসা অন্য বড় টুর্নামেন্টগুলোর মতো এটিও জেতার চেষ্টা আমরা কেন করবো না? তবে কথাটা আমি হালকাভাবে বলছি না। এ জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং খেলোয়াড়দেরও সঠিকভাবে সামলাতে হবে।'

২০৩০ সাল পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ফ্লেমিংয়ের আরেকটি লক্ষ্য দলকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে নেয়া। বর্তমানে সেই অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে দীর্ঘমেয়াদি কাজের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।

'আমি আবারও লাল বলের ক্রিকেটে ফিরতে এবং একটু বেশি সময় নিয়ে কাজ করতে মুখিয়ে আছি। সম্ভবত এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়দের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করা, যা শুধু উপরিভাগে সীমাবদ্ধ থাকবে না।'

ইংল্যান্ডের দায়িত্ব পাওয়াকে নিজের জন্য বড় সম্মানের বিষয় হিসেবেও দেখছেন ফ্লেমিং, 'ক্রিকেটে এটি অন্যতম মর্যাদাপূর্ণ দায়িত্ব। আমাকে এই দায়িত্বের জন্য বিবেচনা করায় আমি খুবই সম্মানিত।'

আরো পড়ুন: