গাউসের ঝড়ে ইটিপিএলের উদ্বোধনী আসরেই চ্যাম্পিয়ন এডিনবার্গ

ইটিপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়াই করে বেলফাস্ট উলভসকে দেড়শ রানে পৌঁছে দিয়েছিলেন টিম টেক্টর। তবে সেই সংগ্রহ যথেষ্ট হয়নি। আন্দ্রিয়েস গাউসের দুর্দান্ত ব্যাটিংয়ে উলভসকে সাত উইকেটে হারিয়ে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন হয়েছে এডিনবার্গ ক্যাসল রকার্স।

ডাবলিনে রবিবারের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পল স্টার্লিংকে হারায় উলভস। এরপর টেক্টর ও ডেভন কনওয়ে দ্বিতীয় উইকেটে ৬৩ রানের জুটি গড়েন। ২৪ বলে ২৯ রান করে কনওয়ে ফিরলে আবারও চাপে পড়ে উলভস।

এরপর অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল ও লর্কান টাকারও বড় ইনিংস খেলতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন টেক্টর। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে ৯টি চার ও দুটি ছক্কায় ৬২ বলে ৮৪ রান করেন এই আইরিশ ব্যাটার।

টেক্টরের ব্যাটে ভর করে ২০ ওভারে পাঁচ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে বেলফাস্ট উলভস। ক্যাসল রকার্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ট্রেন্ট বোল্ট। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে দুই উইকেট নেন নিউজিল্যান্ডের এই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আলোচনায় আসে অ্যাডায়ার ভাইদের লড়াই। বড় ভাই রস অ্যাডায়ার ওপেন করতে নামেন, আর নতুন বল হাতে নেন ছোট ভাই মার্ক অ্যাডায়ার। প্রথম বলেই চার এবং পরের বলে ছক্কা হাঁকিয়ে দারুণ শুরু করেন রস। তবে ১৪ বলে ২৩ রান করে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি।

রসের বিদায়ের পর জেজে স্মিটস ২৩ বলে ১৫ রান করে ফিরে যান। তবে এক প্রান্তে অবিচল ছিলেন আন্দ্রিয়েস গাউস। দারুণ সব শটে রান বাড়াতে থাকা এই কিপার-ব্যাটার মাত্র ৩৬ বলে অর্ধশতক পূর্ণ করেন।

অর্ধশতকের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন গাউস। গ্লেন ম্যাক্সওয়েলের এক ওভারে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দিকে নিয়ে আসে ক্যাসল রকার্স। শেষ পর্যন্ত ৬১ বলে অপরাজিত ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি।

গাউসের আটটি চার ও চারটি ছক্কার ইনিংসে ভর করে ১৮.৪ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এডিনবরা ক্যাসল রকার্স। আট বল হাতে রেখে পাওয়া এই জয়ে উদ্বোধনী আসরেই শিরোপা নিশ্চিত করে মিচেল স্যান্টনারের দল। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন গাউস।