সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম না করায় কেউ কেউ তাকে ছেঁটে ফেলার পরামর্শ দিচ্ছেন। আবার ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় তাকে রেখে দেওয়ার পরামর্শও দিয়েছেন। বয়স হলেও এখনো অনেক তরুণের চেয়ে ঢের এগিয়ে আছেন বলে বিশ্বাস করেন ক্রিকেট বিশ্লেষকদের একাংশ। গুঞ্জন উঠেছিল গত ইংল্যান্ড সফর চলাকালীনই লর্ডসে অবসর নেবেন ৩৯ বছর বয়সী এই ওপেনার।
যদিও এমন কিছুই হয়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রায়শই রোহিতের অবসর নিয়ে নানান খবর ছড়ায়। নির্বাচক ও কোচদের মধ্যে বৈঠক হলেই খবর বেরোয় রোহিতের ভবিষ্যত নিয়ে আলোচনা হচ্ছে। তবে নির্বাচক কিংবা বোর্ডের কর্তারা এসব খবর সবসময়ই উড়িয়ে দিয়েছেন। দুই ফরম্যাট থেকে বিদায় নেওয়ায় ওয়ানডেতে বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন রোহিত।
সবাই যখন তার ভবিষ্যত নিয়ে আলোচনা করছেন তখন স্বাভাবিকভাবেই রোহিত কী ভাবছেন সেটা জানতে চাচ্ছেন। সেই প্রশ্নের উত্তর খানিকটা পাওয়া গেছে। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রোহিত। যেখানে তার কাছ জানতে চাওয়া হয় বিশ্বকাপ নিয়ে কী ভাবছেন? এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘২০২৭ অক্টোবর এখনো অনেক দূর। সময় হলে তখন দেখা যাবে।’
অস্ট্রেলিয়া সফরে ৯৮.৩১ স্ট্রাইক রেট ও ৫৮.৩৩ গড়ে ১৭৫ রান করেছিলেন রোহিত। যেখানে শেষ ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন তিনি। চলতি বছরে ৪২.১১ গড়ে ৯ ইনিংসে ৩৭৯ রান করেছেন ডানহাতি এই ওপেনার। একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও করেছেন। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছেন রোহিত।