অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ ভাবনায় ক্রিকেটারদের কাউন্টি থেকে ফেরাচ্ছে সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা ক্রিকেট
ডারহামের জার্সিতে বেন স্টোকসের সঙ্গে ডেভিড বেডিংহাম
ডারহামের জার্সিতে বেন স্টোকসের সঙ্গে ডেভিড বেডিংহাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আগামী ৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে গ্রীষ্ম মৌসুমে ব্যস্ততা শুরু হচ্ছে সাউথ আফ্রিকার। ৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট ম্যাচও খেলবে প্রোটিয়ারা। টেম্বা বাভুমাদের পরের প্রতিপক্ষ বাংলাদেশ। লিটন দাস-নাজমুল হাসান শান্তদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে স্বাগতিকরা। বাংলাদেশের পর উড়তে থাকা ইংল্যান্ডকে সামলাতে হবে তাদের।

গ্রীষ্মের ব্যস্ত মৌসুমের জন্য ক্রিকেটারদের দেখভালে ঘাটতি রাখছে না দেশটির ক্রিকেট বোর্ড। টানা খেলার ফলে ক্রিকেটারদের চোটের সঙ্গে লড়াই করতে হতে পারে। এমন অবস্থায় গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই ইংলিশ কাউন্টি ক্রিকেট থেকে ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে সাউথ আফ্রিকা। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষের কয়েক রাউন্ডে বেশ কয়েকটি ক্লাব বিপাকে পড়তে যাচ্ছে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে ডেভিড বেডিংহাম, এসেক্সের হয়ে সাইমন হার্মার ও নটিংহ্যাম্পশায়ারের হয়ে খেলছেন কাইল ভেরেইনা। তবে বোর্ডের এমন সিদ্ধান্তের ফলে মৌসুমের শেষ তিনটি ম্যাচে খেলতে পারবেন না তারা। টানা দুই মৌসুমে ডিভিশন ওয়ান জেতার কাছাকাছি রয়েছে। শিরোপা ধরে রাখতে নিউজিল্যান্ডের উইকেটকিপার ব্যাটার মিচ হেইকে দলে নিয়েছে তারা।

ডিভিশন টু-তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ডারহাম। তারাও শিরোপা জিততে মরিয়া। বেডিংহাম চলে যাওয়ায় ভারতের মায়াঙ্ক আগারওয়ালকে দলে টেনেছে ক্লাবটি। হার্মারকে পেতে সাউথ আফ্রিকার বোর্ডের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল এসেক্স। তবে সেটা খুব বেশি কাজে আসেনি। ক্লাবটি নিশ্চিত করেছে চলতি সপ্তাহে হেডিংলিতে ডানহাতি স্পিনার খেলতে পারবেন না।

স্যাম কুক ও জর্ডান কক্স টেস্ট দলে ডাক পাওয়ায় তাদেরকে বিপাকে পড়তে হচ্ছে। এ ছাড়া চোটের কারণে খেলতে পারছেন না চার্লি বেনেট, নোয়া থাইন, ম্যাকেঞ্জি জোন্স এবং সাইমন ফার্নান্দেজ। টুর্নামেন্টের বাকি অংশে বেয়ার্স সোয়ানপোয়েলকে পাচ্ছে উস্টাশায়ার। ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার সঙ্গে চুক্তি বাতিল করেছে লায়ন্স ফ্র্যাঞ্চাইজি।

শৃঙ্খলাজনিত কারণে তাকে শাস্তির আওতায় এনেছে সাউথ আফ্রিকা বোর্ড। ফলে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেশে ফিরতে হচ্ছে সোয়ানপোয়েলকে। সাউথ আফ্রিকান অলরাউন্ডারের বদলি হিসেবে পাকিস্তানের লেগ স্পিনার উসামা মীরকে দলে নিয়েছে উস্টারশায়ার। উইর্কশায়ার থেকে লোনে বার্বাডোসে জন্ম নেওয়া পেসার চি সিমন্সকে দলে নিয়েছে গ্লুচেস্টারশায়ার।

আরো পড়ুন: