ইংল্যান্ড লায়ন্সের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ট্রট

ইংল্যান্ড ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সিডনি থান্ডারের প্রধান কোচের দায়িত্ব নিতে ইংল্যান্ড লায়ন্সের চাকরি ছেড়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডারের জায়গায় লায়ন্সের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন জনাথন ট্রট। স্থায়ী চাকরি পাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি।

ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে পরামর্শক হিসেবে কাজ করার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে লায়ন্সের দায়িত্ব নেন ফ্লিনটফ। এ ছাড়া দ্য হান্ড্রেডে নর্দার্ন সুপারচার্জার্সের কোচও ছিলেন সাবেক এই অলরাউন্ডার। বিগ ব্যাশে থান্ডারের প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় লায়ন্সের চাকরি ছাড়েন তিনি। ফ্লিনটফ না থাকায় লায়ন্সের জন্য প্রধান কোচ খুঁজছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ফ্লিনটফের স্থলাভিষিক্ত হতে যাওয়া প্রার্থীদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন ট্রট। ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে ব্রেন্ডন ম্যাককালামের উত্তরসূরী হিসেবেও বিবেচনা করা হতে পারে তাকে। প্রায় চার বছর আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্বে ছিলেন ট্রট। তাঁর অধীনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তানের মতো দলকে হারায় আফগানিস্তান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কোচিং করিয়েছেন ট্রট। ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার প্রথম ধাপ হিসেবে লায়ন্সের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সিরিজ শুরুর আগে লায়ন্সের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচেই অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলাবেন ট্রট।

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটারের সঙ্গী হিসেবে থাকবেন সাবেক সতীর্থ রবি বোপারা ও গ্রায়েম সোয়ান। এ ছাড়া ইসিবির পেস বোলিং প্রধান ট্রয় কোলি এবং ফিল্ডিং বিশেষজ্ঞ কার্ল হপকিন্স। লায়ন্সের স্কোয়াডে রাখা হয়েছে সাদা বলের দলে থাকা টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমস কোলস, অ্যানিউরিন ডোনাল্ড, জেমি ওভারটন, সাকিব মাহমুদ এবং হেনরি ক্রোকোম্বেকে।

ইংল্যান্ড লায়ন্স— টম ব্যান্টন, জাফর চৌহান, জেমস কোলস, মেসন ক্রেন, হেনরি ক্রোকোম্বে, অ্যানিউরিন ডোনাল্ড, কালেব ফ্যালকোনার, টম হার্টলি, এডি জ্যাক, উইল জ্যাক, সাকিব মাহমুদ, বেন মায়েস, বেন ম্যাককিনি, জেমস মুরস, জেমি ওভারটন, ম্যাথু রেভিস, জেমস সিলস, ওলি সাইকিস, পল ওয়াল্টার এবং লুক উড।

আরো পড়ুন: