ইমরান খানের মানবিক মর্যাদা ও সুচিকিৎসা চান লারা

পাকিস্তান ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইমরান খানের সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি লিখেছেন এক ঝাঁক সাবেক অধিনায়ক। এবার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়কও ইমরানের মানবিক মর্যাদা ও সুচিকিৎসা চান।

১৯৯২ সালে পাকিস্তানের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন ইমরান। দুনিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার ক্রিকেট ক্যারিয়ার শেষে যোগ দেন রাজনীতিতে। সেখানেও বাজিমাত করেছিলেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন ইমরান। তবে বর্তমানে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

যদিও এমন অভিযোগকে রাজনৈতিক মামলা হিসেবে দেখছে তার দল। ২০২৩ সালের আগষ্ট থেকেই রাওয়ালপিন্ডিতে কারাবন্দী তিনি। সাম্প্রতিক সময়ে ইমরানের শারীরিক অবস্থার ব্যাপক অবনতি হয়েছে। মাঠের ক্রিকেটে খুব বেশি মুখোমুখি না হলেও ইমরানের পাশে দাঁড়াচ্ছেন লারা। অল্প সময়ের দেখা সাক্ষাতে পাকিস্তানের সাবেক অধিনায়কের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক তৈরি হয়েছে বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি বলেন, ‘ইমরান খান ও আমার মাঠে মুখোমুখি সাক্ষাতের সুযোগ হয়েছে হাতে গোনা কয়েকবার। ওইটুকু সময়েই তাঁর প্রতি আমার শ্রদ্ধা তৈরি হয়েছিল, আর তা ছিল চিরস্থায়ী।’

তিনি আরও যোগ করেন, ‘আমি বুঝতে পারছি না, খেলোয়াড়ি জীবনের তুঙ্গে থাকা অবস্থায় যিনি একসময় নিজের দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রদীপ ছিলেন, আজ তিনি কীভাবে এমন এক পরিস্থিতিতে পড়েছেন, যেখানে তিনি ন্যূনতম যত্ন, সহানুভূতি কিংবা প্রাপ্য সম্মানটুকুও পাচ্ছেন না। এটা মেনে নেওয়া সত্যিই কঠিন।’

গত ফেব্রুয়ারিতে ইমরানের সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দিয়েছিলেন ১৪ জন সাবেক অধিনায়ক। কদিন আগে বিভিন্ন দেশের ২১ অধিনায়ক আবারও চিঠি দিয়েছেন। তবে এখনো পর্যন্ত ইমরানের অবস্থার উন্নতি হয়নি। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও আওয়াজ তুলতে শুরু করেছেন।

জাভেদ মিয়াঁদাদ তো ইমরানের মুক্তি চেয়ে আবেগ ধরে রাখতে না পেরে কান্না করে দিয়েছেন। মঈন খানও দেশটির সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রীর মুক্তি চেয়েছেন। বাংলাদেশের সৈয়দ আশরাফুল হক, অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও ইমরানের চিকিৎসা চেয়েছেন। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন লারা।

তিনি বলেন, ‘অন্য সাবেক অধিনায়কদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে আমিও তাঁর জন্য উপযুক্ত ও স্বতন্ত্র চিকিৎসার দাবি জানাচ্ছি। একজন মানুষ হিসেবে যে মর্যাদা তাঁর প্রাপ্য, সেটিও যেন নিশ্চিত করা হয়। এটা কোনো রাজনীতি নয়। এটা আমাদের খেলার এক কিংবদন্তির জন্য খুব সাধারণ মানবিকতার প্রশ্ন।’

আরো পড়ুন: