জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ‘বুড়ো’ ক্রেমার

ত্রিদেশীয় সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ্রায়েম ক্রেমার। নামিবিয়ায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে। দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

গত মার্চে বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আর কোনো স্বীকৃত ক্রিকেটে মাঠে নামেননি ক্রেমার। বাম হাতের চোটে ভুগছিলেন তিনি। গত জুনে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে থাকলেও শেষ পর্যন্ত খেলা হয়নি তার। আগামী মাসে ৪০ পূর্ণ করতে যাওয়া এই স্পিনার এবার টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার অপেক্ষায়।

প্রায় আট বছর পর গত নভেম্বরে টি-টোয়েন্টিতে ফিরেছিলেন ক্রেমার। এরপর বিশ্বকাপেও জিম্বাবুয়ের হয়ে খেলেছেন তিনি। চোটের কারণে দীর্ঘ সময় বাইরে থাকার পর এবার আবারও সংক্ষিপ্ত সংস্করণের দলে জায়গা করে নিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

এদিকে চোটের কারণে দলে নেই জিম্বাবুয়ের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা। কোমরের নিচের অংশের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি এই পেসার। অস্ত্রোপচারের কারণে আরেক পেসার তানাকা চিভাঙ্গাকেও রাখা হয়নি।

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্রেন্ডন টেইলরও বাদ পড়েছেন। বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল তার সর্বশেষ টি-টোয়েন্টি। তবে টেস্টে এখনও নিয়মিত খেলছেন অভিজ্ঞ এই ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেও একাদশে ছিলেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে আগামী শনিবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জিম্বাবুয়ে। পরদিনই নামিবিয়ার মুখোমুখি হবে তারা। প্রাথমিক পর্বে তিন দলই একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

প্রাথমিক পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সেখানে জিম্বাবুয়ের অন্যতম ভরসা হতে পারেন দীর্ঘদিন পর দলে ফেরা ক্রিমার, বিশেষ করে অভিজ্ঞতার সঙ্গে তার লেগ স্পিনের কার্যকারিতা কাজে লাগাতে চাইবে দলটি।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রেমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, মুজারাবানি, ডিওন মেয়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।

আরো পড়ুন: