আগামী ২৮ আগষ্ট পর্দা উঠবে নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের। ফাইনাল হবে ১৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে রাখা হয়েছে শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়াকে। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচ খেলবে ৩১ আগষ্ট।
সেই ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। গ্রুপে বাংলাদেশকে সবচেয়ে কঠিন ম্যাচটা খেলতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। ৬ সেপ্টেম্বর একই মাঠে ম্যাচটা হবে রাত সাড়ে টায়। একই সময়ে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।
দ্বিতীয় গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে হংকং এবং থাইল্যান্ডকে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে। এক্ষেত্রে জ্যোতির চাওয়া গ্রুপ পর্বে ভালোভাবে জিতে পরের রাউন্ডে যাওয়া।
জ্যোতি বলেন, 'প্রথমে আমাদের এশিয়া কাপ, এশিয়া কাপে যদি আমরা আরও ভালো খেলতে পারি এশিয়ান গেমসে সেটার একটা প্রতিফলন তো অবশ্যই আসবে। আমরা মনে করি যে আমাদের প্রস্তুতির দিক থেকে অনেক ভালো, কিন্তু কন্ডিশনের সাথে মানিয়ে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সো দুটো টুর্নামেন্টেই আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে।'
'আমরা যদি সেমিফাইনালটা পার করতে পারি আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন একটা শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।'
এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্যের কথাও জানিয়েছেন জ্যোতি। স্বর্ণ জিতে মানুষের লক্ষ্য পূরণ করতে চান এই ব্যাটার।
তিনি বলেন, 'এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি।'
'আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় সেটা আরও বেশি বড় হবে।'