নতুন অধিনায়কের নেতৃত্বে ভারত সিরিজের দল ঘোষণা আফগানিস্তানের

আফগানিস্তান-ভারত সিরিজ
ইব্রাহিম জাদরান
ইব্রাহিম জাদরান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। দলে ফিরেছেন পেসার নাভিন-উল-হক। চোটের কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন এই পেসার। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নতুন দায়িত্ব শুরু হবে ইব্রাহিম জাদরানের।

গত বছরের এশিয়া কাপ ও এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি নাভিন। ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারকে। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

২০২৩ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া নাভিন এবার শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই মনোযোগ দিচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ফেরার পর পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে সিরিজ দিয়েই দীর্ঘ অপেক্ষার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন এই পেসার।

দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কার্যকর এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি আফগানিস্তানের মিডল অর্ডারকে আরও শক্তিশালী করবে। এদিকে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা আনক্যাপড উইকেটকিপার নূর রহমানকে রাখা হয়েছে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে।

১৫ সদস্যের দলে স্পিন বিভাগে থাকছেন রশিদ খান ও মোহাম্মদ নবী। তাঁদের সঙ্গে আছেন নূর আহমাদ ও নাঙ্গিয়াল খারোতি। মুজিব উর রহমানও রয়েছেন স্কোয়াডে। পেস বিভাগে নাভিনের সঙ্গে আছেন ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।

ভারতের বিপক্ষে সিরিজটি ইব্রাহিম জাদরানের জন্যও গুরুত্বপূর্ণ। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন তিনি। দুই দলের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে। পরের দুটি ম্যাচ হবে ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:

ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।

রিজার্ভ: ইজাজ আহমাদজাই, শাহিদুল্লাহ কামাল ও ফারিদ আহমাদ মালিক।

আরো পড়ুন: