প্রথমবারের মতো সাউথ আফ্রিকা সাদা বলের ক্রিকেট দলে ডাক পেয়েছেন ডুয়ান। নামিবিয়া সফরে বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দলের নিয়মিত প্রায় সব ক্রিকেটারদের। সেই সুযোগে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে ডুয়ানের। ভাই মার্কোর মতো ডুয়ানও বাঁহাতি পেসার। জাতীয় দলে প্রথমবার হলেও বেশ কিছুদিন ধরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।
সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংস ও এমআই কেপটাউনের হয়ে খেলেছেন ডুয়ান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলেছেন সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের জার্সিতে। সবচেয়ে বড় চমক হচ্ছে আইপিএলে অভিষেক। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় তার।
মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ওভারে ৫৩ রান দিয়ে নিয়েছিলেন রিংকু সিংয়ের উইকেট। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পর জাতীয় দলেও নিজের ছাপ রাখার সুযোগ পাচ্ছেন ডুয়ান। বাঁহাতি পেসারের মতো সুযোগ পেয়েছেন ইথান বশও। তিনি অবশ্য সাউথ আফ্রিকার হয়ে খেলা অলরাউন্ডার কর্বিন বশের ভাই। নামিবিয়া সফরে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন স্পিনার বিজর্ন ফরটুইন।
প্রথমবারের মতো সাউথ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেয়েছেন কনোর ইস্টারহুইজেন, জর্ডান হারমান এবং নাকাবোনি মোকেনা। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে জর্ডানের। প্রথম ম্যাচেই অবশ্য চোটে পড়েছিলেন তিনি। জর্ডানের পাশাপাশি দলে আছেন তারই ভাই উইকেটকিপার ব্যাটার রুবিন হারমান।
আগামী ৯ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে সাউথ আফ্রিকা। এর আগে অবশ্য ২৮ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খেলবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। যেখানে সাউথ আফ্রিকা ও নামিবিয়ার সঙ্গে তৃতীয় দল হিসেবে থাকবে সিকান্দার রাজার জিম্বাবুয়ে।
নামিবিয়া সফরে সাউথ আফ্রিকার স্কোয়াড— বিজর্ন ফরটুইন, ইথান বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কনোর ইস্টারহুইজেন, জর্ডান হারমান, রুবিন হারমান, ডুয়ান জানসেন, কিউনা মাফাকা, মোকেনা, নাকাবা পিটার, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, লুথো সিপামলা, জেসন স্মিথ এবং প্রেনেলান সুব্রায়েন।