ভারতের গণমাধ্যমের খবর: গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে ড্রেসিংরুমে অসন্তোষ

ভারত ক্রিকেট
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের দায়িত্ব পালন নিয়ে দল ও বিসিসিআইয়ের ভেতরে আলোচনা বাড়ছে বলে দাবি করেছে দেশটির ক্রিকেটভিত্তিক একটি গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটে প্রত্যাশার তুলনায় দুর্বল ফলাফলের পর তার কোচিং পদ্ধতি নিয়ে দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ব্যক্তিগতভাবে ভারতের সাবেক ক্রিকেটার এবং বিসিসিআইয়ের শীর্ষ পরিষদের কয়েকজন সদস্যের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। তবে এসব আলোচনা ছিল অনানুষ্ঠানিক। এখন পর্যন্ত গম্ভীরের বিরুদ্ধে বোর্ডের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, 'দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটার ব্যক্তিগতভাবে গম্ভীরের কোচিং পদ্ধতি নিয়ে নিজেদের আপত্তির কথা ভারতের সাবেক ক্রিকেটার এবং বোর্ডের শীর্ষ পরিষদের সদস্যদের জানিয়েছেন। যদিও আলোচনা অনানুষ্ঠানিক পর্যায়েই রয়েছে, তবুও তা প্রধান কোচকে ঘিরে বাড়তি আলোচনা তৈরি করেছে।'

এ ছাড়া পরাজয়ের দায় নিজের কাঁধে নিতে গম্ভীরের অনীহাও বোর্ডের অনেকের কাছে ইতিবাচকভাবে দেখা হয়নি বলে দাবি করা হয়েছে। তবে এসব আলোচনার মধ্যেও বোর্ডের আস্থা এখনো তার ওপরই রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে গম্ভীরই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

ভারতের পরবর্তী দায়িত্ব শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রের অংশ। এখন পর্যন্ত চারটি জয়, চারটি হার এবং একটি ড্র নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে ভারত।

গম্ভীরের অধীনে টেস্টে ভারতের সময়টা ছিল উত্থান-পতনের। গত বছর নিজেদের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হারের তিক্ত অভিজ্ঞতা হয় ভারতের। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষেও নিজেদের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারতে হয়। তবে ইংল্যান্ড সফরে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে কিছুটা ঘুরে দাঁড়ায় ভারত।

শ্রীলঙ্কা সফরের আগে অবশ্য চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। জসপ্রীত বুমরাহ, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি ও হার্শিত রানা এই সিরিজ থেকে ছিটকে গেছেন।

আরো পড়ুন: