এর আগেও ঘরোয়া আসর ও ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় বড় ইনিংস খেলার পর একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা গেছে বৈভবকে। তবে তখন এই উদযাপনের অর্থ জানতে চাওয়া হলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তার ভাষ্য ছিল, এটি কেবল স্বতঃস্ফূর্ত আনন্দ প্রকাশ, এর পেছনে আলাদা কোনো কারণ নেই।
তবে বৈভবের এই উদযাপনের আসল কারণ জানিয়েছে আইপিএলে তার দল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ। দলের ব্যবস্থাপক রোমি ভিন্দারের কাছে কিশোর এই ব্যাটার বলেছিলেন, ‘আমি এই উদযাপনটা আমার মায়ের জন্য করি। কারণ আমার মায়ের নাম ওই বর্ণ (A) দিয়ে শুরু।’
ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ জানিয়েছে, বৈভবের মায়ের নাম আরতি। প্রতিটি ভালো ইনিংসের পর মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই তিনি এই ভঙ্গিতে উদযাপন করেন। দীর্ঘদিন ধরে একই রীতি অনুসরণ করে আসছেন ১৫ বছর বয়সী এই ক্রিকেটার।
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে বৈভবের ব্যাট থেকে আসে ১৯ বলে ৫০ রান। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তার প্রথম ফিফটি। মাইলফলকে পৌঁছানোর পরও আগের মতোই একই ভঙ্গিতে উদযাপন করেন তিনি।
এই হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে নতুন একটি কীর্তিও গড়েছেন বৈভব। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে অর্ধশতরান করার রেকর্ড এখন তার দখলে। ব্যক্তিগত এই অর্জনের মুহূর্তেও মায়ের প্রতি সম্মান জানিয়ে উদযাপন করায় প্রশংসা কুড়িয়েছেন তরুণ এই ব্যাটার।