সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়, ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের ম্যাচটিই হতে পারে রোহিতের শেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ। পরে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার সচিব দেবজিৎ সাইকিয়া সেই দাবি নাকচ করে জানিয়ে দেন, রোহিতের ওয়ানডে ক্রিকেটে পথচলা এখানেই শেষ হচ্ছে না।
অনুশীলনের সময় কোটাকের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত বলেন, ‘বাইরে কী চলছে, সেটা নিয়ে আমাদের ভাবার দরকার কী!’
এর আগে বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে নির্বাচকদের কয়েকজন সদস্য রোহিতকে জানিয়েছিলেন, ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে আর ভাবা হচ্ছে না। সেই আলোচনার বিষয়ে দলের প্রধান কোচ গৌতম গম্ভীরও অবগত ছিলেন বলে দাবি করা হয়েছে।
তবে পরে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আফগানিস্তান ও ইংল্যান্ড, দুই সিরিজেই দলে জায়গা পান রোহিত। এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে।
এক দিনের ক্রিকেটে ভারতের অন্যতম সফল ব্যাটার রোহিত এখন পর্যন্ত ১১ হাজার ৭০০'র বেশি রান করেছেন। ২০২৩ বিশ্বকাপের ফাইনালে দলকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়েও নেতৃত্ব দেন তিনি। অধিনায়কত্ব এখন শুভমান গিলের হাতে থাকলেও ব্যাটিং বিভাগে এখনো দলের অন্যতম ভরসার নাম রোহিত।