নতুন নিয়ম অনুযায়ী, ইনজুরি বা অসুস্থতার কারণে বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকবে কেবল দলের প্রথম ইনিংস পর্যন্ত। তবে ম্যাচ রেফারিকে আগে থেকেই জানানো থাকলে যে কোনো খেলোয়াড়ের ইনজুরি বা অসুস্থতা মূল্যায়ন করা হচ্ছে, সে ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজ্য হবে। এছাড়া বদলি খেলোয়াড় নির্বাচন করা হবে কেবল দক্ষতার ধরন বিবেচনায়, খেলোয়াড়ের মান, অভিজ্ঞতা বা পারফরম্যান্সের ভিত্তিতে নয়।
এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘রথেসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম নয় রাউন্ড থেকে পাওয়া মতামত বিবেচনায় নিয়ে ইনজুরি বা অসুস্থতার বদলি পুরো ম্যাচজুড়ে নেওয়ার নিয়ম পরিবর্তনের প্রয়োজন ছিল। ইসিবি বোর্ড এ পরিবর্তনের অনুমোদন দিয়েছে। ক্রিকেট অ্যাডভাইজরি গ্রুপ (সিএজি) ও প্রফেশনাল গেম কমিটি (পিজিসি) এই সিদ্ধান্তকে সমর্থন করেছে। এর উদ্দেশ্য হলো, দ্বিতীয় ইনিংসে নতুন বোলার নামিয়ে কোনো দল যেন বাড়তি সুবিধা নিতে না পারে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বদলি খেলোয়াড় অনুমোদনের ক্ষেত্রে ম্যাচ রেফারি খেলোয়াড়দের মান, অভিজ্ঞতা বা রেকর্ড বিবেচনা করবেন না। সিদ্ধান্ত হবে শুধুমাত্র স্কিল সেটের ভিত্তিতে। যেমন, পেসারের বদলে পেসার কিংবা ব্যাটারের বদলে ব্যাটার নেওয়া যাবে।’
মৌসুমের প্রথমার্ধে বেশ কয়েকটি দল ম্যাচের শেষ দিকে নতুন বোলার নামিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করায় এই নিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়। বদলি অনুমোদনের প্রক্রিয়াও প্রশ্নের মুখে পড়ে। বিশেষ করে ল্যাঙ্কাশায়ার, আজিত সিং ডেলের বদলে টম বেইলিকে খেলাতে পারেনি, কারণ বেইলি তুলনামূলক ভালো ব্যাটার হিসেবে বিবেচিত হয়েছিলেন।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ ছয় রাউন্ড থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। পিসিসি ও পিসিএর অনুমোদনের পাশাপাশি ক্রিকেট অ্যাডভাইজরি গ্রুপ এবং প্রফেশনাল গেম কমিটিও এই পরিবর্তনের পক্ষে মত দিয়েছে।
ইসিবির মতে, মৌসুমের মাঝপথে নিয়ম পরিবর্তন করলেও প্রতিযোগিতার স্বচ্ছতা ক্ষুণ্ন হবে না। কারণ এখন পর্যন্ত সব দল সমানসংখ্যক ম্যাচ খেলেছে এবং আগস্টে প্রতিযোগিতা পুনরায় শুরু হলে বাকি রাউন্ডগুলোও সবাই সমানভাবে খেলবে।
মৌসুম শেষে পরীক্ষামূলক এই নিয়মের পূর্ণাঙ্গ মূল্যায়ন করা হবে। কাউন্টি ক্লাব, পিসিএসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে ভবিষ্যৎ পদক্ষেপ নির্ধারণ করবে ইসিবি।
তবে কনকাশন বদলি এবং খেলোয়াড়দের জীবনে গুরুতর পারিবারিক ইস্যুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ঘটনার ক্ষেত্রে বদলি নেওয়ার বিদ্যমান নিয়মে কোনো পরিবর্তন আনা হয়নি। এসব নিয়ম পুরো মৌসুমজুড়েই আগের মতো বহাল থাকবে।