এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ সময়ের হিসাব বিবেচনা করে ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত লক্ষ্যের চেয়ে দুই ওভার পিছিয়ে থাকার দায়ে এই শাস্তি দেন।
আইসিসির খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। তবে সর্বোচ্চ জরিমানার সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজ অভিযোগ স্বীকার করে প্রস্তাবিত শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটির অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার ডেইটন বাটলার অভিযোগটি দায়ের করেন।
এ ছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলার শর্তের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতিটি ওভার কম করায় একটি করে ডব্লিউটিসি পয়েন্ট কেটে নেওয়া হয়। সে হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মোট দুই পয়েন্ট কাটা হয়েছে।
এই শাস্তির পরও চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানেই রয়েছে। তবে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২০-এ। দুই পয়েন্ট হারানোয় তাদের পয়েন্ট শতাংশ (পিটিসি) কমে এখন ১৫ তে নেমে এসেছে।