জাঙ্গুর ডাবল সেঞ্চুরি ও চেজের ক্যারিয়ারসেরা ইনিংসে জুটির বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
আমির জাঙ্গু ও রস্টন চেজ মিলে ৪০১ রানের জুটি গড়েছেন
আমির জাঙ্গু ও রস্টন চেজ মিলে ৪০১ রানের জুটি গড়েছেন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলারই কথা ছিল না আমির জাঙ্গুর। তবে শাই হোপের চোটে কপাল খুলে ২৮ বছর বয়সী ব্যাটারের। সুুযোগটা কাজে লাগাতে একটুও ভুল করলেন না জাঙ্গু। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিবীয়দের উদ্ধার করার পাশাপাশি করলেন ডাবল সেঞ্চুরিও। তাকে সঙ্গ দেওয়া রস্টন চেজও কম গেলেন না। ডাবল সেঞ্চুরি করতে না পারলেও থামলেন ক্যারিয়ারসেরা ইনিংসে। জাঙ্গু ও চেজের রেকর্ডগড়া ৪০১ রানের জুটিতে ৯ উইকেটে ৬২৬ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগায় ৫ উইকেটে ২৭১ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামেন চেজ ও জাঙ্গু। দিনের প্রথম সেশনেই ১২৫ বলে হাফ সেঞ্চুরি করেন চেজ। ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। তবে হাফ সেঞ্চুরিতে খরা কাটান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক। সেঞ্চুরি থেকে মাত্র ২২ রান দূরে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিলেন জাঙ্গু। তৃতীয় দিনের সকালে অবশ্য একটু দেখেশুনে ব্যাটিং করছিলেন তিনি।

যদিও সেঞ্চুরি পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ২২৬ বলে সেঞ্চুরি করে উদযাপনের কমতি রাখেননি বাঁহাতি এই ব্যাটার। সেঞ্চুরি করতে চেজের খেলতে হয়েছে ২১৬ বল। তিন অঙ্ক ছোঁয়ার পর ক্রমশই ওয়েস্ট ইন্ডিজের রান বাড়াতে থাকেন তারা দুজন। প্রথম সেশনে দাপট দেখানোর পর দ্বিতীয় সেশনেও রান তোলায় কম যাননি জাঙ্গু ও চেজ। চা বিরতির পর ৩৪২ বলে ডাবল সেঞ্চুরি করেন জাঙ্গু।

যদিও দুইশ ছোঁয়ার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। মিলান রত্নায়েকের বলে পুল করার চেষ্টায় টপ এজ হয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়েছেন। ১৯ চার ও ৩ ছক্কায় ৩৭৩ বলে ২৩৩ রানের ইনিংস খেলেছেন জাঙ্গু। ২৮ বছর বয়সী ব্যাটারের বিদায়ে ভাঙে চেজের সঙ্গে ৪০১ রানের জুটি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ষষ্ঠ উইকেটে চারশ রানের জুটি গড়েছেন তারা। জাঙ্গু ফেরার পর দলকে টানছিলেন চেজ।

যদিও ডাবল সেঞ্চুরি পাওয়া হয়নি তার। ১৩ চার ও ২ ছক্কায় ৩২৪ বলে ১৯৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সোনাল দিনুশার বলে। শেষের দিকে কেউই সেভাবে কিছু করতে পারেনি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৬২৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার হয়ে পাঁচ উইকেট নিয়েছেন মিলান। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১৫ রানে এক উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এখনো ৩০৩ রানে পিছিয়ে সফরকারীরা।

আরো পড়ুন: