বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে ব্যস্ত তখনই বাংলাদেশ দলের একাংশ জিম্বাবুয়ে চলে যায়। মূলত টেস্ট দলের নিয়মিত সদস্যরা নিজেদের আগে থেকেই মানিয়ে নেয়ার সুযোগ পেয়েছেন। শান্ত জানিয়েছে তারা টেস্ট খেলতে প্রস্তুত।
বিসিবির পাঠানো ভিডিওতে শান্ত বলেন, 'আমরা বেশ কিছু খেলোয়াড় বেশ কয়েকদিন আগে আসছি। সুতরাং এই মানিয়ে নেওয়াটা আমাদের মাশাল্লাহ ভালোভাবেই হয়েছে। আমি আশা করছি যে ম্যাচের জন্য আমরা এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে এসেছে, কিন্তু ওরাও গত কয়েকদিনের অনুশীলনে আমার মনে হয় অনেকটাই মানিয়ে নিয়েছে। সুতরাং আশা করছি যে ম্যাচে খুব বেশি একটা মানিয়ে নেওয়ার সমস্যা হবে না।'
প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, 'প্রস্তুতির দিক থেকে আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। যতটুকুই এখানে সুযোগ-সুবিধা ছিল, ওর মধ্যে দিয়েই আমরা সেরা প্রস্তুতিটা নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটা দ্বিপক্ষীয় সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলছি এবং আমি বিশ্বাস করি যে এই যেই টেস্ট ম্যাচটা হবে এখানে আমরা ভালো কিছু করতে পারবো।'
সবশেষ ২০২৫ সালে টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সেই সিরিজের প্রথম টেস্ট জিতে চমক দেখিয়েছিল স্বাগতিকরা। যদিও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। এবার জিম্বাবুয়েকে ঘরের মাঠে টেস্টে হারিয়ে সেই বদলা নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে।
সেই লক্ষ্য নিয়ে শান্ত যোগ করেন, 'ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই। কারণ এই সিরিজের পরে আমাদের বেশ কিছু প্রতিপক্ষের মাঠে সিরিজ আছে। সুতরাং এই সিরিজটা আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারতেছি এটা গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে, এটা আমাদের সামনের সিরিজগুলোর জন্যও কাজে আসবে। সুতরাং লক্ষ্য থাকবে যে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।'