সূর্যবংশীর মতো ক্রিকেটার নির্দিষ্ট ছকে তৈরি করা যায় না: দ্রাবিড়

ভারত ক্রিকেট
রাহুল দ্রাবিড় ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
রাহুল দ্রাবিড় ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে ঘিরে প্রশংসার জোয়ার থামছেই না। এবার তরুণ এই ব্যাটারকে প্রশংসায় ভাসিয়েছেন ভারতের সাবেক প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তার মতে, বৈভবের মতো ক্রিকেটার কোনো নির্দিষ্ট ছকে তৈরি করা সম্ভব নয়, এমন প্রতিভা জন্মগতভাবেই আসে।

ভারতীয় দলের দায়িত্বে থাকার আগেই বৈভবকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল দ্রাবিড়ের। দুই বছর আগে রাজস্থান রয়্যালসের হয়ে তাকে দলে নেয়ার পর থেকেই এই ব্যাটারের উন্নতি পর্যবেক্ষণ করেছেন তিনি। গেল আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পর জাতীয় দলে সুযোগ পাওয়াকে বৈভবের ধারাবাহিক উন্নতিরই স্বীকৃতি হিসেবে দেখছেন তিনি।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, 'আমরা সত্যিই এক অনন্য প্রতিভার দিকে তাকিয়ে আছি। আমার মতে, বলের গতি বোঝার ক্ষমতা, ক্রিকেটীয় বিচক্ষণতা আর নির্ভীক মানসিকতার অসাধারণ সমন্বয় রয়েছে বৈভবের মধ্যে। ওর মতো ক্রিকেটার কোনো বাঁধাধরা নিয়মে তৈরি করা যায় না।'

তরুণ এই ব্যাটারের পরিশ্রমেরও ভূয়সী প্রশংসা করেছেন দ্রাবিড়। তাঁর ভাষ্য, 'কিছু গুণ ওর মধ্যে জন্মগত। তবে বাকিটা এসেছে কঠোর পরিশ্রম থেকে। শুধু প্রতিভা দিয়ে এত দূর আসা যায় না। ছোটবেলা থেকেই ও অনেক অনুশীলন করে। রাজস্থানে থাকার সময় সেটা খুব কাছ থেকে দেখেছি।'

আন্তর্জাতিক অঙ্গনেও বৈভব সফল হবে বলে বিশ্বাস করেন ভারতের সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, 'আমি আশা করি, নতুন এই যাত্রায় বৈভব সব ধরনের সহযোগিতা পাবে। সবাই ওর পাশে থাকবে, যাতে ওকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছে, সেটি বাস্তবে রূপ নেয়। ওর মতো ক্রিকেটারকে যত্নের সঙ্গে এগিয়ে নিতে হবে। কোথাও নিয়ন্ত্রণ, আবার কোথাও স্বাধীনতাও দিতে হবে।'

বৈভবকে নিয়ে প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তার মতে, 'বল দেখার ক্ষমতা, ব্যাটের ব্যবহার এবং বোলারের পরিকল্পনা বুঝে ফেলার দক্ষতাই বৈভবকে আলাদা করেছে। সত্যিকারের বড় ব্যাটারেরা এমন গুণই দেখায়।'

আরো পড়ুন: