সাঞ্জু স্যামসন, ইশান কিশান, শ্রেয়াস আইয়ার কিংবা শিভাম দুবে— কেউই দাঁড়াতে পারলেন না। অভিষেকের হাফ সেঞ্চুরির পরও তাই ব্যাটিং ব্যর্থতায় আয়ারল্যান্ডের বিপক্ষে পেরে উঠতে পারল না সফরকারীরা। লরকান টাকার ও গ্যারেথ ডেলানির দুর্দান্ত ব্যাটিংয়ের পর ম্যাথু হলার্ড, ম্যাথু হামফ্রিস ও জেই মন্দোরার বোলিংয়ে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা। টি-টোয়েন্টি ক্রিকেটে এবারই প্রথম ভারতকে হারাল আইরিশরা। পাশাপাশি ক্রিকেটের যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটাই আয়ারল্যান্ডের প্রথম জয়।
বেলফাস্টে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন স্যামসন। জেই মন্দারার অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে চেয়েছিলেন ডানহাতি এই ওপেনার। তবে ইনসাইড এজে বোল্ড হয়েছেন ৪ বলে ৫ রান করা স্যামসন। উইকেট হারালেও রান তোলার গতি ঠিকই সচল রেখেছিলেন অভিষেক। ঝড়ো ব্যাটিংয়ে ভারতের রান বাড়াতে থাকেন।
সবশেষ আইপিএলে ব্যাট হাতে আলো ছড়ালেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভালো করতে পারেননি ইশান কিশান। ম্যাট হলার্ডের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে টপ এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ব্যাটার হিসেবে অধিনায়কত্বের যাত্রাটা ভালো হয়নি শ্রেয়াস আইয়ারের। পাওয়ার প্লে শেষের আগেই ফিরতে হয়েছে তাকে।
হলার্ডের ফুলার লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন আইয়ার। তবে জর্জ ডকরেল ক্যাচ লুফে নিলে ৩ রানেই ফিরতে হয় ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। ৬০ রানে ৩ উইকেট হারালেও আয়ারল্যান্ডের বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকেন অভিষেক। মাত্র ১৯ পেয়েছেন হাফ সেঞ্চুরিও। পঞ্চাশ ছোঁয়ার পরে বলেই অবশ্য ফিরতে হয় তাকে।
৭ চার ও ২ ছক্কায় ২০ বলে ৫০ রানের ইনিংস খেলে অভিষেক আউট হয়েছেন লিয়াম ম্যাকার্থির বলে। দলের রান একশ হওয়ার আগে ফেরেন তিলক ভার্মাও। সুবিধা করতে পারেননি ওয়াশিংটন সুন্দর। শেষ ভরসা হিসেবে শিভাম দুবে থাকলেও ১৪ বলে ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। শেষের দিকে অক্ষর প্যাটেলও ভারতকে জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৪৮ রানে থামতে হয়েছে ভারতকে। আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হলার্ড ও হামফ্রিস।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। স্বাগতিকদের হয়ে ৩৬ বলে সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন লরকান টাকার। এ ছাড়া তিনটি করে ছক্কা ও চারে ৩২ বলে ৪৯ রান করেছেন গ্যারেথ ডেলানি। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন হার্শিত রানা। এ ছাড়া দুইটি করে উইকেট পেয়েছেন আর্শদীপ সিং ও অক্ষর।