‘সূর্যবংশীকে সুযোগ দিতে গিয়ে অন্যের প্রতি অবিচার করা যাবে না’

আয়ারল্যান্ড-ভারত সিরিজ
বৈভব সূর্যবংশী ও সিতাংশু কোটাক, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী ও সিতাংশু কোটাক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশীই যেন দুই দল ছাপিয়ে সকল আলোচনার কেন্দ্রে। এই সিরিজেই সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেক হবে কি না, তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ভারতের হয়ে মাঠে নামলেই দেশটির ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার বনে যাবেন এই ব্যাটার। তবে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকের বক্তব্যে ইঙ্গিত মিলেছে, অভিষেকের জন্য হয়তো আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে এই বিস্ময়বালককে।

ভারতের টপঅর্ডারে এখন তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে এক ও দুই নম্বরে রয়েছেন অভিষেক শর্মা ও ইশান কিষান। এছাড়া সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন সাঞ্জু স্যামসন। এমন পরিস্থিতিতে কেবল সুযোগ করে দেওয়ার জন্য ফর্মে থাকা কোনো ব্যাটারকে বাদ দেওয়াটা সঠিক হবে না বলে মনে করেন কোটাক।

বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টির আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমি নিশ্চিত, সূর্যবংশী তার প্রাপ্য সুযোগ অবশ্যই পাবে। কিন্তু শুধু তাকে সুযোগ দেওয়ার জন্য নিয়মিত রান করা কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া ঠিক হবে না। সেটিও অন্য একজনের প্রতি অবিচার হবে।'

এ প্রসঙ্গে তিনি যোগ করেন, 'টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে কী পরিকল্পনা করছে, সেটাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ। কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা আর অন্য কারও প্রতি অবিচার করার মধ্যে পার্থক্যটা খুবই সূক্ষ্ম।'

২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ৭২টি ছক্কাসহ ৭৭৬ রান করেন সূর্যবংশী। এরপরই মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। তার প্রতিভার ভূয়সী প্রশংসা করে কোটাক বলেন, 'সে অসাধারণ প্রতিভাবান। আমরা তাকে শুধু বলেছি, জাতীয় দলের পরিবেশটা উপভোগ করতে। কিছু জানতে বা বলতে চাইলে যেন নির্দ্বিধায় বলে।'

প্রধান কোচ গৌতম গম্ভীরও একই পরামর্শ দিয়েছেন বলে জানান কোটাক। তিনি বলেন, “গৌতম তাকে বলেছে, ‘নিজের দলের হয়ে খেলছ বলে ভাবো। যা মনে হয়, সেটাই বলো।’”

খুব বেশি ঘরোয়া ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকলেও সূর্যবংশীর জন্য দলে আলাদা কোনো ব্যবস্থার প্রয়োজন দেখছেন না ভারতের ব্যাটিং কোচ। ১৫ বছর বয়সী এই ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যথেষ্ঠ যোগ্য মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এই পর্যায়ে যারা ভালো করে, তাদের মানসিক পরিপক্বতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মানসিকতা যথেষ্ট ভালোই থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন দলের একজন সদস্য হিসেবে স্বাভাবিক থাকতে পারে।'

এদিকে আয়ারল্যান্ডের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক লরকান টাকারও সূর্যবংশীর প্রশংসা করেছেন। তিনি বলেন, '১৫ বছর বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পাওয়া সত্যিই অবিশ্বাস্য। পেশাদার ক্রিকেটের এই যুগে এমন কিছু সম্ভব হবে, আমি কখনও ভাবিনি। এটা তার কৃতিত্ব।'

আরো পড়ুন: