ডিআরএস সিদ্ধান্তে আম্পায়ারের তাড়াহুড়ো, প্রশ্ন তুললেন সাঙ্গাকারা

ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজ
কুমার সাঙ্গাকারা, ফাইল ফটো
কুমার সাঙ্গাকারা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ড-নিউজিল্যান্ড তৃতীয় টেস্টে ডিআরএসের একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার অভিযোগ, তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক যথেষ্ট সময় নিয়ে সব উপলব্ধ রিপ্লে যাচাই না করেই মিচেল স্যান্টনারকে আউটের সিদ্ধান্ত বহাল রেখেছেন।

বেন স্টোকসের করা শর্ট অব লেংথ ডেলিভারিতে গালিতে দাঁড়ানো জ্যাকব বেথেলের হাতে ক্যাচ দেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। অন-ফিল্ড আম্পায়ার নীতিন মেনন আউটের সিদ্ধান্ত দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন স্যান্টনার। তিনি ইঙ্গিত করেন যে বলটি ব্যাটে নয়, হাতের আর্ম গার্ডে লেগেছে। অন্যদিকে স্টোকস দাবি করেন, বলটি স্যান্টনারের গ্লাভসের সুইটব্যান্ডে লেগেছে।

রিভিউ শুরু হওয়ার মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যেই তৃতীয় আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। একটি রিপ্লে ও আল্ট্রাএজ বিশ্লেষণের ভিত্তিতে তিনি জানান, বলটি গ্লাভসের সুইটব্যান্ডে লেগেছে, যা ক্রিকেটের আইনে ব্যাটের অংশ হিসেবে গণ্য হয়।

তবে সিদ্ধান্তে বিস্মিত হন স্যান্টনার। মাঠ ছাড়ার আগে তিনি আম্পায়ার নীতিন মেননের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ধারাভাষ্যে থাকা কুমার সাঙ্গাকারাও সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তোলেন।

পরবর্তীতে সম্প্রচারকারী সংস্থার দেখানো আরেকটি সাইড-অ্যাঙ্গেলের রিপ্লেতে বলটি সুইটব্যান্ডে লেগেছিল কি না, তা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি হয়। সাঙ্গাকারার মতে, ওই অ্যাঙ্গেলটিও তৃতীয় আম্পায়ারের দেখা উচিত ছিল।

তিনি বলেন, 'প্রশ্ন হচ্ছে, অন্য রিপ্লেগুলো কেন দেখা হলো না? সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ দেখা জরুরি। একটি অ্যাঙ্গেলে মনে হচ্ছে বলটি স্পর্শ করেছে, কিন্তু অন্য অ্যাঙ্গেলে তা পরিষ্কার নয়।'

সাঙ্গাকারা আরও বলেন, 'তৃতীয় আম্পায়ারের হাতে পর্যাপ্ত সময় থাকে। তাই সব উপলব্ধ রিপ্লে ভালোভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়াই উচিত, বিশেষ করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে।'

তবে স্কাই স্পোর্টসের অন্য দুই ধারাভাষ্যকার মার্ক বুচার ও দিনেশ কার্তিক সিদ্ধান্তটি ভুল ছিল বলে মনে না করলেও বুচার স্বীকার করেন, হোল্ডস্টক হয়তো সিদ্ধান্ত নিতে কিছুটা তাড়াহুড়া করেছেন।

আরো পড়ুন: