ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আইপিএল
মাইকেল ক্লার্ক
মাইকেল ক্লার্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতে বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার ২০১৫ বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইপিএল ফাইনালের ধারাভাষ্য শেষে বিমানবন্দরের পথে তার বহনকারী গাড়ি একটি বড় ট্রেইলার ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। এই ঘটনায় অল্পের জন্য বেঁচে যান ক্লার্ক। এই বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই অজি ব্যাটার নিজেই।

দুর্ঘটনার সময় ক্লার্ক সামান্য আহত হন এবং তার শরীরে কালশিটে পড়ে গেছে। তবে তার গাড়িচালকের পায়ের হাড় ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন ক্লার্ক নিজেই। ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্লার্ক জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধাক্কায় তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখতে পান গাড়ির সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে গেছে।

পরে স্থানীয়রা দ্রুতই সাহায্যের জন্য এগিয়ে আসেন। এ কারণে নিরাপদে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় বলে তিনি জানান। বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে ক্লার্ক বলেন, ‘বাড়ি ফেরার যাত্রাটা বলতে গেলে বেশ ঘটনাবহুল ছিল। প্রথমেই বলব, ভারতের ভালো মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের কারণেই নিরাপদে ফিরতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। ম্যাচ শেষে গাড়িতে ওঠার পর ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্যই আমি গাড়ি চালাচ্ছিলাম না। হঠাৎ ঘুম ভাঙতেই দেখি গাড়ির সামনের অর্ধেক অংশ প্রায় ট্রাকের নিচে চলে গেছে। চালক আমাকে জানিয়েছে, ট্রাকটির ব্রেক লাইট কাজ করছিল না। তাই সে সময়মতো বুঝতে পারেনি এবং ট্রাকের পেছনে ধাক্কা লাগে। ট্রাকটি ছিল বড় সেমি ট্রেইলার, আর আমাদের গাড়িটি তার নিচে ঢুকে যায়।’

গাড়ির চালককে নিয়ে উদ্বিগ্ন ছিলেন কার্ক। চালককে নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে সাবেক এই অজি অধিনায়ক বলেন, ‘গাড়িটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি কিছু আঘাত নিয়ে বেঁচে গেছি, তবে আমার ধারণা চালকের পায়ে হাড় ভেঙেছে। তাকে নিয়ে আমি খুবই উদ্বিগ্ন ছিলাম। সে খুব ভয় পেয়েছিল। গাড়িটি তার নিজের ছিল না, সে একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে।’

এই ঘটনার পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার কর্মকর্তাদের সহযোগীতা পেয়েছেন বলে জানিয়েছেন ক্লার্ক। তাই তাদেরকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বিসিসিআই কর্মকর্তারা নিয়মিত তার এবং চালকের খোঁজ খবর নিয়েছেন বলেও নিশ্চিত করেছেন ক্লার্ক।

আরো পড়ুন: