হ্যাম্পশায়ারের হয়ে ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডওসনের। ২০ মৌসুমে ২১৮ ম্যাচে ৩৮০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া ব্যাটিংয়ে ১৮ সেঞ্চুরিতে ১০ হাজারের বেশি রান করেছেন। তবে জাতীয় দলের হয়ে ৩৬ বছর বয়সী ডওসনের অভিষেক হয়েছে ২০১৬-২০১৭ মৌসুমে। ভারত সফরে প্রথম ইনিংসেই অপরাজিত ৬৬ রান করেছিলেন তিনি।
যদিও এখনো পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৪ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন এবং ১১০ রান করেছেন। তবে চলতি কাউন্টি মৌসুমে ভালো করতে পারছিলেন না তিনি। টানা কয়েক ম্যাচে প্রত্যাশিতভাবে পারফর্ম করতে না পারায় প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ডওসন। তবে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
এ প্রসঙ্গে ডওসন বলেন, ‘আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা আমি একেবারে হালকাভএক নিইনি। সাদা বলের ক্রিকেটে আমার ক্যারিয়ারের লাভের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এটাই সেরা সময়। হ্যাম্পশায়ারের হয়ে দুইশর বেশি ম্যাচ খেলতে পারায় আমি গর্বিত। হ্যাম্পশায়ারের হয়ে সাদা বলের ক্রিকেট খেলে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
সাদা পোশাকের ক্রিকেটে খুব বেশি সুযোগ না পেলেও ইংল্যান্ডের হয়ে ৯ ওয়ানডে এবং ৩২ টি-টোয়েন্টি খেলেছেন ডওসন। ২০১৯ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংলিশরা। সেই দলের সদস্য ছিলেন বাঁহাতি এই স্পিনার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে তারা। সেবার ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ডওসন।