আইপিএলের সবশেষ আসরে এক কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের অভিষেকে প্রথম বলেই ছক্কা মেরেছিলেন তিনি। পরবর্তী সময়ে বিধ্বংসী ব্যাটিংয়ে সবার নজর কেড়েছেন। রেকর্ড গড়ছেন, করছেন সেঞ্চুরিও। চলতি মৌসুমেও ছন্দে আছেন তিনি। এখনো পর্যন্ত রাজস্থানের হয়ে ১১ ম্যাচে ২৩৬ স্ট্রাইক রেটে ৪৪০ রান করেছেন।
একটি সেঞ্চুরির সঙ্গে দুইটি হাফ সেঞ্চুরিও আছে তার। আইপিএলের এত ভালো করার পর ক্রিকেটের অন্য দুই সংস্করণে জ্বলে উঠতে পারবেন কিনা সেটা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫০ ওভারের ক্রিকেটে বাজিমাত করেছেন তিনি। এ ছাড়া ৮ প্রথম শ্রেণির ম্যাচে ১৭.২৫ গড়ে ২০৭ রান করেছেন। আছে একটা হাফ সেঞ্চুরিও।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬৫ স্ট্রাইক রেটে করেছেন ৩৫৩ রান। শুধু আইপিএলে সীমাবদ্ধ থাকলে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট হিসেবে ক্যারিয়ার শেষ করতে হবে তাকে, এমন ধারণা ডি ভিলিয়ার্সের। এজন্য ওয়ানডে কিংবা টেস্ট ক্রিকেটে সূর্যবংশীকে দেখতে চান সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার। ডি ভিলিয়ার্স বিশ্বাস করেন, টেস্ট খেললে মানসিক ও শারীরিকভাবে ভিন্ন একটা দিক খুঁজে পাবেন।
স্টুয়ার্ট ব্রড ও জস বাটলারের সঞ্চালনায় ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, ‘সত্যি বলতে, আমি জানি না সে কতদিন টিকবে। আমি আমার ভাই ও বন্ধুদের এটাই বলি। এই বয়সে সত্যিই অবিশ্বাস্য। আমরা জানি তার প্রতিভা আছে। কিন্তু আমি তাকে অন্যান্য ফরম্যাটেও দেখতে চাই। সে বুঝতেই পারছে না টেস্ট ক্রিকেটে তাকে কীসের সম্মুখীন হতে হবে।’
‘অনেক কিছুই বদলে যাবে যদি না কেউ এসে তাকে বলে শোনো, তুমি সারাজীবন একজন টি-টোয়েন্টি স্পেশালিষ্টই থাকবে। অভিনন্দন, তোমাকে শুধু এটাই করতে হবে। তাহলে তার একটা দীর্ঘ ও সফল ক্যারিয়ার হবে। কিন্তু যদি সে ওয়ানডে খেলে, বিশেষ করে একটু আধটু টেস্ট ক্রিকেট খেলে তাহলে সে মানসিক ও শারীরিকভাবে ভিন্ন একটা দিক আবিষ্কার করবে।’