অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা হয়নি ডার্সির

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
ডার্সি ব্রাউন
ডার্সি ব্রাউন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন লুসি হ্যামিলটন। আর দলে ফিরেছেন গ্রেস হ্যারিস। সোফি মলিনিউক্সের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন হ্যারিস ও অ্যানাবেল সাদারল্যান্ড। মার্চে ক্যারিবিয়ান সফরে তারা ছিলেন না। তবে জায়গা হয়নি ডার্সি ব্রাউনের।

অস্ট্রেলিয়া দলে আছে বেশ কয়েকজন বিকল্প পেসার। দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তারকা পেসার এলিস পেরি। পাশাপাশি আছেন অভিজ্ঞ মেগান শাট ও কিম গার্থ। স্পিন আক্রমণে মলিনিউক্সের সঙ্গে আছেন আলানা কিং, অ্যাশ গার্ডনার ও জর্জিয়া ওয়ারহ্যাম।

মলিনিউক্সের সহ-অধিনায়ক করা হয়েছে গার্ডনার ও তাহলিয়া ম্যাকগ্রাকে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তাহলিয়া উইলসনকে। আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই নতুন হ্যামিলটন। মার্চে ভারতের বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়েছে তার। এখন পর্যন্ত খেলেছেন মাত্র একটি টি-টোয়েন্টি।

সেটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এ বছর চারটি টি-টোয়েন্টি খেলে কোনো উইকেট না পাওয়া ব্রাউনের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তিনি। ব্রাউনের বদলে হ্যামিলটনকে নেয়ার সিদ্ধান্ত নিয়ে কারণ ব্যাখ্যা করেছেন জাতীয় নির্বাচক শন ফ্লেগলার। তিনি মনে করেন দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়েছেন ব্রাউন।

তার প্রতি সহমর্মিতা জানিয়ে ফ্লেগলার বলেছেন, ‘ডার্সি ব্রাউন দুর্ভাগ্যজনকভাবে বাদ পড়েছে। তবে আমরা যে ধরনের কন্ডিশনের আশা করছি এবং দলের সমন্বয়ের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলে অন্তত ছয়জন ডানহাতি পেসারের বিকল্প আছে। সেই সঙ্গে কাঁচা গতি হয়তো খুব বেশি কার্যকর হবে না বলেই আমরা ভিন্নধর্মী কিছু দিতে পারে এমন বাঁহাতি পেসার লুসি হ্যামিলটনকে বেছে নিয়েছি।’

বিশ্বকাপের দল নির্বাচন সহজ ছিল না বলেও দাবি ফ্লেগলারের। তিনি মনে করেন এই দলের সামর্থ্য আছে বিশ্বকাপের জয়ের। তিনি যোগ করেন, ‘এই ধরনের দল নির্বাচন কখনোই সহজ নয়। তবে আমরা দলের ভারসাম্য ও স্থিতিশীলতা নিয়ে আত্মবিশ্বাসী। এটি অভিজ্ঞ একটি দল এবং আমরা বিশ্বাস করি, বিশ্বকাপ জয়ের সামর্থ্য তাদের আছে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দল-

সোফি মলিনিউক্স (অধিনায়ক), অ্যাশলে গার্ডনার (সহ অধিনায়ক), তাহলিয়া ম্যাকগ্রা (সহ অধিনায়ক), এলিস পেরি, নিকোলা কেরি, কিম গার্থ, লুসি হ্যামিলটন, আলানা কিং, গ্রেস হ্যারিস, ফোবি লিচফিল্ড, জর্জিয়া ভল, বেথ মুনি, মেগান শাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহ্যাম।

ভ্রমণকারী রিজার্ভ: তাহলিয়া উইলসন।

আরো পড়ুন: