এর মধ্যে ফেব্রুয়ারিতে অনুশীলনের সময় গালের হাড় ভেঙে যাওয়ায় তিনি আরও বড় ধাক্কা খান। তারকা এই অলরাউন্ডার ইতোমধ্যে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন এবং শুক্রবার ওরচেস্টারশায়ারের বিপক্ষে শুরু হওয়া ডারহামের চার দিনের কাউন্টি ম্যাচে অলরাউন্ড নৈপুণ্য দেখাতে প্রস্তুত স্টোকস।
স্টোকসের ফেরা নিয়ে ডারহামের কোচ রায়ান ক্যাম্পবেল বলেছেন, ‘সে আমাদের হয়ে বোলিং করবে, শতভাগ নিশ্চিত। ইনিংসের একটিতে হয়তো নতুন বলও হাতে নিতে পারে, সেটিও আমাদের ভাবনায় আছে।’
আগামী কয়েক মাস ব্যস্ত সময় কাটবে স্টোকসের। সামনেই নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে দুটি তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারার পর বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড।
আগামী বছরের লর্ডসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিতে হলে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। তবে ক্যাম্পবেলের বিশ্বাস জাতীয় দলের কথা ভুলে আপাতত ডারহামের হয়ে খেলার দিকেই পূর্ণ মনোযোগ দেবেন স্টোকস।
তিনি বলেন, ‘আমরা খুব পরিষ্কারভাবে বলেছি, স্টোকসি এখানে আমাদের দলের একজন সদস্য হিসেবে ডারহামের হয়ে ম্যাচ জেতার জন্য এসেছে, ইংল্যান্ডের প্রস্তুতির জন্য নয়। ইংল্যান্ডের সমর্থকেরা নিশ্চয়ই তাকে ফিরে পেয়ে আনন্দিত। তবে আমরা শুধু আমাদের এক বন্ধুকে আবার পাশে পেয়ে খুশি।’
স্টোকসের খেলা নিয়ে তিনি আরও যোগ করেন, ‘সে নিজের জন্য খুব উচ্চ মানদণ্ড ঠিক করে রাখে। ফিল্ডিং ড্রিলে সবার আগে নামবে, অন্যদের দিকে বল ছুড়বে এবং নিজেও প্রচুর ব্যাটিং করবে। বেনের খেলা নিয়ে আমরা আগেই কথা বলেছি। তাকে ঘিরে ম্যাচে বেশি মিডিয়া কভারেজ ও দর্শকের নজর থাকবে। এটি নতুন একটি মাত্রা যোগ করে। চাপ নয়, বরং নিজের মান ধরে রাখার দায়িত্ব বাড়ায়। তাকে আবার দলের সঙ্গে পেয়ে আমি সত্যিই উপভোগ করছি।’