‘আন্তর্জাতিক ক্রিকেট আর পিএসএল এক নয়’, বাবরের সেঞ্চুরি প্রসঙ্গে বাসিত

পিএসএল
বাবর আজম ও বাসিত আলী, ফাইল ফটো
বাবর আজম ও বাসিত আলী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সময়টা মোটেও ভালো যাচ্ছিলো না বাবর আজমের। সীমিত ওভারের পাকিস্তান দলে প্রায় ব্রাত্যই হয়ে গেছেন বলা যায়। এর মধ্যে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন পেশোয়ার জালমি অধিনায়ক। তবুও যেন মন গলাতে পারছেন না সাবেকদের। বাবরের সেঞ্চুরিকে দারুণ ইনিংস মানলেও, আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের বদনাম ঘোচানোর জন্য এই ইনিংসকে মানদন্ড ধরা উচিত নয় বলেই মনে করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

‎সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি বাবরের। এরপর বাংলাদেশ সফরের ওয়ানডে দলেও জায়গা হয়নি তার। তাই পিএসএলে বাবরের সামনে প্রমাণের ছিলো অনেক কিছুই। এই টুর্নামেন্টে বাবর আছেন দুর্দান্ত ফর্মে। সাত ম্যাচে করেছেন চারশ'র বেশি রান। আসরর সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠেছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করে।

‎বাবরের এই ইনিংসকে পিএসএলের ইতিহাসের অন্যতম সেরা ইনিংস মানেন বাসিতও। তবে এই ইনিংসের মাধ্যমেই বাবরের সব সমালোচনা ঘুচে গেছে, বাবরের সমর্থকদের এমন দাবির সাথে একমত নন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট ও পিএসএলের মানের মধ্যে যে বিস্তর পার্থক্য আছে তা মনে করিয়ে দিয়েছেন তিনি।

‎একটি ইউটিউব চ্যানেলের এক অনুষ্ঠানে বাসিত বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে যদি বাবর এই মানের পারফরম্যান্সের অন্তত পঞ্চাশ শতাংশও দেখাতে পারে, আমরা অবশ্যই তাকে প্রশংসা করব। সমস্যা হলো ২০২৩, ২০২৪, ২০২৫, ২০২৬; এই আইসিসি টুর্নামেন্টগুলোতে আমাদের পারফরম্যান্স কোথায় ছিল? পিএসএলকে এর সঙ্গে মেলানো যাবে না। এটা সেরা মানের বোলিং নয়, সেরা দলও নয়।'

‎পাকিস্তানের হয়ে রঙিন পোষাকে গত দুই বছর ধরেই তীব্র সমালোচিত বাবরের পারফরম্যান্স। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বাবরের স্ট্রাইক রেট পাকিস্তান ক্রিকেটে অন্যতম চর্চিত বিষয়। গত বছর আটটি টি-টোয়েন্টি খেলে ২০৬ রান করলেও বাবর তা করেছেন ১১৪ স্ট্রাইকরেটে। আর চলতি বছর সাত ম্যাচে ১৬৭ রান করা বাবরের স্ট্রাইকরেট মোটে ১১৪।

‎বাসিত যোগ করেন, 'আন্তর্জাতিক ক্রিকেট আর পিএসএলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। গত ছয়-সাত বছরে পাকিস্তান ক্রিকেটের যা অবস্থা হয়েছে, আলোচনাটা আসলে সেটি নিয়ে হওয়া উচিত।'

আরো পড়ুন: