আমি ৭ নম্বরে ব্যাটিং করলে দলের জন্য ভালো হবে: মিরাজ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বর্তমান সময়ের ওয়ানডে ক্রিকেটের সাথে মেহেদী হাসান মিরাজ মানিয়ে নিতে পারছেন কিনা সেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে বছর দেড়েক ধরেই। ওয়ানডে অধিনায়ক হবার পর সেই প্রশ্নটা আসছে আরো বেশি করে। কেননা অধিনায়ক হয়ে নিজেকে প্রমোশন দিয়ে চার কিংবা পাঁচ নম্বরে খেলছেন তিনি। মোটামুটি রান পেলেও তা আসছে বেশ ধীর গতিতে। তাই অধিনায়ক মিরাজ 'স্বার্থপর' কিনা সেই প্রশ্ন এবার সরাসরি ধেয়ে গেলো তার কাছে। মিরাজের সোজা সাপ্টা উত্তর, 'নিজের' নয়, দলের জন্যই খেলেন তিনি।

ওয়ানডে ক্রিকেটে মিরাজ বাংলাদেশের ম্যাচ উইনার ক্রিকেটার ছিলেন লম্বা একটা সময়। বল হাতে আইসিসি র‍্যাংকিংয়ের সেরা তিনেও জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু বোলার মিরাজের ধার যেন সেই সময় থেকে আর বাড়েনি। এদিকে ব্যাটিংটাও মিরাজ করছেন বছর দশেক আগের ওয়ানডে ক্রিকেটের ধাঁচে। ২০২৪ সালে ভারপ্রাপ্ত অধিনায়ক হবার পর থেকে রান পেলেও সেই রান দলের কতটুকু উপকারে আসছে সেটিও একটি বড় প্রশ্ন।

প্রায় প্রতি ম্যাচেই মিরাজের স্ট্রাইকরেট থাকছে ৬০ এর আশেপাশে। গত দুইটি সিরিজের মিরাজের সর্বোচ্চ ইনিংস ছিলো ৩২ ও ৬০ রানের। কিন্তু এই দুটি ইনিংস খেলতে মিরাজ খেলেছিলেন যথাক্রমে ৫৮ ও ৮৭ বল। মিডল অর্ডারে এই ধীর গতির ব্যাটিং পুষিয়ে দিতেও পারছেন না বাকিরা। যার ফল সবশেষ আফগানিস্তানের মত দলের কাছেও হোয়াইটওয়াশ হওয়া। এর আগে শ্রীলংকার কাছেও সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। তাই দলে মিরাজের ভূমিকা নিয়েই প্রশ্ন উঠছে বারবার।

পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপুর্ণ সিরিজে মাঠে নামার আগে মিরাজ দিলেন সেই প্রশ্নের উত্তর, 'নিজের পারফরম্যান্স নিয়ে আমি উদ্বিগ্ন না। সবশেষ বিশ্বকাপের পর আমরা মনে হয় ১৫টার মতো ওয়ানডে খেলেছি। এসব ম্যাচের মাঝে বিরতি ছিল। আমার প্রতি সবার যে রকম প্রত্যাশা, যে অনেক ম্যাচ জেতাব- হয়তো সেটা হচ্ছে না, এভারেজ হচ্ছে, কিন্তু অবশ্যই চেষ্টা করব যে দলের জন্য যেন ম্যাচ জেতাতে পারি।'

দলের প্রয়োজনে নিজের পজিশন বদলাতেও রাজি বাংলাদেশের অধিনায়ক, 'আমি নিজেকে নিয়ে কখনো ভাবিনা। আমি সব সময় চেষ্টা করি দলের প্রয়োজনে যতটা সম্ভব ভালো খেলা যায় এবং দলকে কীভাবে জেতানো যায়। আমার অগ্রাধিকার সব সময় দলের ভালো করার দিকে। একই সঙ্গে আমার পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করছি আমার ভূমিকা রাখার জন্য। ব্যাটিং–বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।'

মিরাজ আরো বলেন, 'আমি যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি, সেটা দলের জন্য সহায়ক হয়। আমি মনে করি সেখানে আমার পারফর্ম করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দলের ফলাফলটাও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমি আমার সর্বোচ্চ দিয়ে পারফর্ম করার চেষ্টা করব এবং দলকে একটা ভালো জায়গায় নেওয়ার চেষ্টা করব।'

বিশ্বকাপকে সামনে রেখে সাত নম্বরে নিজে সেট করতে চান মিরাজ। কেননা ক্যারিয়ারের বেশ লম্বা সময়ে লোয়ার মিডল অর্ডারে দেখা গেছে এই অলরাউন্ডারকে।

মিরাজ বলেন, 'আমি যেহেতু ৮-৯ বছর একই পজিশনে (৮ নম্বারে) খেলেছি। এখানে আমার একটা অভিজ্ঞতা আছে। এই পজিশনে বোলারদের সঙ্গে অনেক ম্যাচ লিড দিয়েছি এবং ম্যাচ জিতিয়েছি এরকম অনেক ইনিংস আছে। তাই আমি চিন্তা করেছি যেহেতু বোলারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে, আমি যদি সাত নম্বরে ব্যাটি করি এটা দলের জন্য ভালো হবে। কারণ টপ অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো রান পেয়েছি অনেক সময় কিন্তু দল জেতেনি। আমি মনে করি এটা (সাত নম্বার) আমার জন্য ভালো একটা পজিশন।'

আরো পড়ুন: