ম্যাচে ইতালির জয়ের ভিত্তি গড়ে দেন বোলাররা। টসে জিতে ফিল্ডিং নেয়ার পর নেপালকে ১২৩ রানে অলআউট করে তারা। এরপর ওপেনিং জুটিতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইতালি।
নেপালের ইনিংস ১৩.৪ ওভার পর্যন্ত নিয়ন্ত্রণে ছিল। তখন তাদের রান ছিল তিন উইকেটে ৯৩। এই অবস্থায় দীপেন্দ্র সিং ঐরীকে বোল্ড করে ধসের শুরু করেন লেগ স্পিনার কৃষাণ কালুগামাগে। এরপর শেষ দিকে দ্রুত উইকেট হারায় নেপাল।
কালুগামাগে চার ওভারে ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। অফ স্পিনার বেন মানেন্তি চার ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন দুই উইকেট। শেষ ৩০ রান তুলতেই অল আউট হয়ে যায় নেপাল।
নেপালের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। অধিনায়ক রোহিত পাওডেল করেন ২৩ রান। অন্য কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
রান তাড়ায় শুরু থেকেই দ্রুত রান তোলে ইতালি। চার ওভারেই দলীয় রান ৫০ ছাড়ায়। পাওয়ার প্লেতে আসে ৬৮ রান, যা ম্যাচের গতি নির্ধারণ করে দেয়।
ওপেনিংয়ে নামা দুই ভাই জাস্টিন মস্কা ও অ্যান্টনি মস্কা অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। জাস্টিন ৩৭ বলে ৬০ ও অ্যান্টনি ২৮ বলে ৬২ রান করেন। ১০.৫ ওভারে দলীয় শতরান পূর্ণ হয় এবং কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে ইতালি।