স্টার্লিংকে নিয়ে শঙ্কায় আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপ
চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পল স্টার্লিংকে
চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পল স্টার্লিংকে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ফিল্ডিংয়ের সময়ই চোট পেয়েছিলেন পল স্টার্লিং। হাঁটুর চোট নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক। তবে সিঙ্গেল নিতে গিয়ে অস্বস্তিবোধ করায় মাঠ ছাড়তে হয় তাকে। চোট গুরুতর হলে দুই ম্যাচেই বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে স্টার্লিংয়ের। আইরিশ অধিনায়কের চোট খুব একটা সুবিধাজনক নয় এমন ইঙ্গিত দিয়েছেন গ্যারি উইলসন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং ইনিংসের সপ্তম ওভারে জশ ইংলিসের বলে ক্যাচ নিতে গিয়ে পড়ে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন স্টার্লিং। তবুও ওপেনার হিসেবেই ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। রান তাড়ায় প্রথম সিঙ্গেল নিতে গিয়েই অস্বস্তিবোধ করেন ডানহাতি ওপেনার। যার ফলে মাঠ ছেড়ে যান তিনি। বুধবার রাতেই স্টার্লিংকে হাঁটুর স্ক্যান করাতে পাঠানো হয়।

এ প্রসঙ্গে আয়ারল্যান্ডের ব্যাটিং কোচ উইলসন বলেন, ‘খুব একটা ভালো মনে হচ্ছে না (স্টার্লিংয়ের চোটের অবস্থা)…। স্ক্যান করতে পাঠানো হয়েছে তাকে। রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

‘সে ভেবেছিল যে ঠিকঠাক আছে, এজন্যই ব্যাটিংয়ে নেমেছিল। ভালো অনুভব না করলে তো আর ব্যাটিংয়ে নামত না। তার ভাবনায় ছিল মূলত পাওয়ার প্লে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা। সিঙ্গল নেওয়ার চেষ্টা করছি। কিন্তু পরিষ্কারভাবেই বেশি জড়তা হাঁটুতে অনুভব করেছে সে।’

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরেছে আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিততে পারেনি তারা। টানা দুই হারে সুপার এইটে যাওয়ার সুযোগটা কমই তাদের হাতে। যদিও শেষ দুই ম্যাচে জিততে পারলে কাগজে-কলমে একটা সুযোগ থাকবে। শনিবার ওমান এবং মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলতে হবে আইরিশদের।

আরো পড়ুন: