মাহমুদউল্লাহদের দলে অনুমতি ছাড়াই নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ধাওয়ানের

ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্টাল কাপ
শিখর ধাওয়ান, ফাইল ফটো
শিখর ধাওয়ান, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের নাম তার অনুমতি ছাড়াই একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের অংশগ্রহণকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে তার অংশগ্রহণ নিয়ে অননুমোদিত কোনো ঘোষণায় বিশ্বাস না করতে সংবাদমাধ্যম ও ভক্তদের অনুরোধ জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেন ধাওয়ান। এর আগে খবর প্রকাশিত হয়েছিল, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্টাল কাপের এশিয়া ওয়ারিয়র্স দলে খেলবেন তিনি। দলটিতে পাকিস্তানের একাধিক ক্রিকেটারের নাম থাকায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস ও রুবেল হোসেনের নামও আছে এই স্কোয়াডে।

নিজের নাম ব্যবহারের বিষয়ে ধাওয়ান লিখেছেন, 'ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখেছি। আমার জ্ঞান বা অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন। বিষয়টি মোকাবিলায় আমার দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে।'

একই বিবৃতিতে সংবাদমাধ্যম ও ভক্তদের সতর্ক করে তিনি আরও বলেন, 'অননুমোদিত কোনো ঘোষণা সংবাদমাধ্যমে প্রকাশ না করতে বা তার ওপর নির্ভর না করতে অনুরোধ করছি। আপনাদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।'

প্রতিবেদন অনুযায়ী, এশিয়া ওয়ারিয়র্সের ২৪ সদস্যের দলে ধাওয়ানের পাশাপাশি ভারতের সাবেক ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরাত সিং মান ও অভিমন্যু মিথুনের নামও রয়েছে। দলটিতে পাকিস্তানের সোহেল তানভীর, ইফতিখার আহমেদ ও মুহাম্মদ ইমরান খানের মতো ক্রিকেটারদের থাকার কথাও প্রকাশিত হয়েছে। তবে ধাওয়ান স্পষ্ট করে দিয়েছেন, এই টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে তার কোনো সম্মতি নেই।

২০২৫ সালে ভারত-পাকিস্তান উত্তেজনার সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন ধাওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, 'ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভারত মাতা কি জয়।'

পাকিস্তানকে নিয়ে তার আগের কিছু মন্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। তবে এবারের বিবৃতিতে অন্য ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ধাওয়ানের দল ঠিক কী ধরনের আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে, তা এখনো প্রকাশ করা হয়নি।