ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলবেন না ধোনি

আইপিএল
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
মহেন্দ্র সিং ধোনি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের আগামী মৌসুম সামনে রেখে মহেন্দ্র সিং ধোনির ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক ভারতীয় অধিনায়ককে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলানোর সম্ভাবনা থাকলেও সেটিতে ধোনির আগ্রহ নেই বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সাবেক ব্যাটার এস বদ্রিনাথ।

চেন্নাইয়ের হয়ে সর্বশেষ মৌসুমটিও ভালো কাটেনি। টানা ব্যর্থতার পর দলটি শেষবারও প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। এর মধ্যে ধোনির বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন থাকায় আগামী মৌসুমে তার ভূমিকা কী হবে, সেটি নিয়েও চলছে আলোচনা।

নিজের ইউটিউব চ্যানেলে বদ্রিনাথ বলেন, 'সে ব্যক্তিগতভাবে আমাকে জানিয়েছে, ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলবে না। সে নিজেকে পূর্ণকালীন উইকেটরক্ষক হিসেবেই দেখে। এর মানে তাকে পুরো ২০ ওভারই মাঠে থাকতে হবে।'

তবে বদ্রিনাথের মতে, ধোনিকে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে ব্যবহার করলে চেন্নাই কৌশলগতভাবে লাভবান হতে পারে, 'তার শরীর দীর্ঘ সময়ের ধকল নিতে পারে না, ফ্লেমিংও এটা বলেছেন। সে ১৬ ওভারের পর ব্যাট করবে এবং উইকেটকিপিং করবে। অংশগ্রহণ যখন এতটাই কম, তখন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সে আদর্শ হতে পারে।'

ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম নিয়ে আলোচনায় শিবম দুবের বোলিং প্রসঙ্গও টেনেছেন বদ্রিনাথ। তার মতে, ভারতের হয়ে বোলিং করলেও চেন্নাইয়ের হয়ে নিয়মিত বল না করার জন্য এই নিয়মকে দায়ী করা যাবে না।

তিনি বলেন, 'দুবে চেন্নাইয়ের হয়ে বোলিং না করার কারণ ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম নয়। এর সঙ্গে চেন্নাইয়ের ব্যবস্থাপনার সিদ্ধান্ত এবং বল হাতে তাকে যথাযথভাবে ব্যবহার না করার বিষয়টি জড়িত।'

আরো পড়ুন: