ইনজুরি নিয়ে তদন্ত, ২ বছরের নিষেধাজ্ঞার শঙ্কায় ইমাম

পাকিস্তান ক্রিকেট
ইমাম উল হক, ফাইল ফটো
ইমাম উল হক, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইনজুরি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তদন্তে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ইমাম-উল-হক। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে তার চোটের ঘটনা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে পিসিবি।

লর্ডস টেস্টের প্রথম দিন ফিল্ডিংয়ের সময় পায়ের পেছনের পেশিতে চোট পান ইমাম। এরপর দুই ইনিংসের কোনোটিতেই ব্যাটিং করেননি তিনি। তার অনুপস্থিতিতে ম্যাচটি ১৯৪ রানে হারে পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইমামের চোটটি সত্যিই গুরুতর ছিল কিনা এবং এ ঘটনায় কোনো অসদাচরণ হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি। অভিযোগ প্রমাণিত হলে বাঁহাতি এই ব্যাটারের আন্তর্জাতিক ক্যারিয়ারেই বড় ধাক্কা আসতে পারে।

ইমামের চোট নিয়ে বিতর্ক অবশ্য এবারই প্রথম নয়। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ড সফরেও চোটের কারণে তাকে নিয়ে তদন্ত হয়েছিল। ওই ঘটনায় পিসিবির তদন্ত কমিটি ইমামের বিরুদ্ধে চোটের উপসর্গ বাড়িয়ে বলা এবং চিকিৎসকদের বিভ্রান্ত করার অভিযোগের সত্যতা পেয়েছিল বলে জানিয়েছে জিও নিউজ।

ওই সময় ইনডোর অনুশীলনে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পেয়েছিলেন ইমাম। তদন্ত কমিটির দাবি ছিল, পরে তিনি চোটের উপসর্গ ভুলভাবে উপস্থাপন করেছিলেন এবং পাকিস্তানের সিরিজের প্রথম একদিনের ম্যাচে খেলতে অনিচ্ছার কথা জানান।

এবার লর্ডসের ঘটনার তদন্তে ইমামের সেই পুরোনো বিতর্কও বিবেচনায় আসতে পারে। পিসিবির সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তদন্তে অভিযোগ প্রমাণিত হলে এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞা হতে পারে ইমামের।

এরই মধ্যে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে পিসিবি। শিগগিরই কমিটির সদস্য ও তদন্তের পরিধি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। ফলে লর্ডসের চোটের ঘটনা এখন ইমামের আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো পড়ুন: