এদিন আগে ব্যাট করে ৮ উইকেটে ১৮৯ রান করে কলম্বো। জবাবে খেলতে নেমে দলীয় ২৩ রানেই তারা হারায় লাসিথ ক্রুসপুলের উইকেট। এই ওপেনার ১২ বলে ১৭ রান করে ফেরেন হাসানের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে। এরপরই উইকেটে আসেন মিরাজ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পেসার হাসানকে টানা দুই বলে দুই চার হাঁকান তিনি।
হাসান নিজের প্রথম ওভারে ১৪ রান খরচ করেন। যদিও মিরাজের ইনিংস বেশি লম্বা হয়নি। ৯ বলে ১৩ রান করে তিনি ফেরেন শাহান জয়াসুরিয়ার বলে জানিথ লিয়ানাগের হাতে ক্যাচ দিয়ে। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে গলকে টেনে নেন হার্পার ও চারিথ আসালাঙ্কা। দুজনে মিলে যোগ করেন ৭২ রান। এই জুটিও ভেঙেছেন হাসান।
এই পেসার ইনিংসের ১৪তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই ছক্কা হজম করেন হার্পারের ব্যাটে। অবশ্য পঞ্চম বলে তিনি আউট করেন আসালাঙ্কাকে। ২১ বলে ২৮ রান করে জিমি নিশামকে ক্যাচ দিয়েছেন তিনি। হার্পারকে ব্যক্তিগত ৬৫ রানে ফিরিয়েছেন জয়াসুরিয়ার। এরপর শানাকাকে আউট করেন নিশাম। তবে শাহান আর্চচিগে ও মোহাম্মদ নাওয়াজ দলটির হাল ধরেন শেষদিকে। দুজনে মিলে গলের ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১ রানেই ফেরেন ওপেনার রুবিন হারমান। দ্বিতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস ৩৪ রান যোগ করেন। সামারাবিক্রমা আউট হন ১৫ রান করে। এরপর কামিন্দু মেন্ডিসও বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যাট হাতে করেন মাত্র ১০ রান। তবে চতুর্থ উইকেটে মেন্ডিস ও বেন ম্যাকডারমট মিলে ৯৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কলম্বোকে।
ম্যাকডারমট ৩৪ বলে ৫৭ রান করে আউট হন। আর ৫৩ বলে ৭৯ রান করেন মেন্ডিস। শেষদিকে জিমি নিশাম অপরাজিত ১২ রানের ইনিংস খেলে ১৯০ রানের কাছাকাছি নিয়ে যান কলম্বোকে। গলের হয়ে একাই ৪ উইকেট নিয়েছেন আকিফ জাভেদ। আর একটি করে উইকেট নেন দাসুন শানাকা, মোহাম্মদ নাওয়াজ ও ইশান মালিঙ্গা।