ফ্লেমিংকে বিদায় করে কোচিং স্টাফে আরো ছাটাইয়ের পথে চেন্নাই

আইপিএল
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রধান কোচের পদ থেকে স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর দলের কোচিং স্টাফে আরও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ‘ক্রিকবাজ’।

প্রতিবেদনে বলা হয়েছে, বোলিং কোচ এরিক সিমন্সের দায়িত্বও শেষ হতে পারে। তবে ব্যাটিং কোচ মাইক হাসির ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। আইপিএলের শেষবারের আসরে মাত্র ছয়টি জয় নিয়ে অষ্টম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করায় দল পরিচালনায় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে চেন্নাই।

এর আগে ধারণা করা হয়েছিল, ফ্লেমিং হয়তো দায়িত্বে বহাল থাকবেন। তবে যুক্তরাষ্ট্রের ঘরোয়া প্রতিযোগিতা মেজর লিগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের হতাশাজনক ফলের পর পরিস্থিতি বদলে যায়। ফ্লেমিংয়ের অধীনে দলটি দশ ম্যাচে সাতটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে ছিল। সেই ব্যর্থতাই তার বিদায়ের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিদায়ের ঘোষণা দিয়ে চেন্নাইয়ের কর্ণধার রূপা গুরুনাথ বলেন, 'প্রায় দুই দশক ধরে ফ্লেমিং দলটির পরিচয়, লক্ষ্য ও সাফল্যের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নিষ্ঠা, নেতৃত্ব ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, মাঠের পথচলা শেষ হলেও চেন্নাইয়ের ইতিহাসে ফ্লেমিং সব সময় বিশেষ জায়গা দখল করে থাকবেন।'

দলের ব্যবস্থাপনা পরিচালক কাসি বিশ্বনাথনও ফ্লেমিংয়ের অবদানের প্রশংসা করেছেন। তার ভাষ্য, 'শুধু মাঠের ফল নয়, দলকে কীভাবে পরিচালিত করতে হয় এবং কী ধরনের সংস্কৃতি গড়ে তুলতে হয়, সেটিও শিখিয়েছেন ফ্লেমিং। ধারাবাহিকতা, বিনয় ও দলকে সবার আগে রাখার যে দর্শন চেন্নাইয়ের পরিচয় হয়ে উঠেছে, তার পেছনে বড় ভূমিকা ছিল তার।'

বিদায়ী বার্তায় ফ্লেমিং বলেন, 'খেলাধুলায় ১৮ বছর একটি দীর্ঘ সময়। আমি শুধু কৃতজ্ঞতা নিয়েই বিদায় নিচ্ছি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাজ করা আমার কোচিং জীবনের সবচেয়ে বড় সম্মানের একটি। আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত।'

তিনি আরও বলেন, 'আমরা একসঙ্গে অসাধারণ সব জয় উদ্‌যাপন করেছি, কঠিন সময়ও পার করেছি এবং এমন অনেক স্মৃতি গড়েছি, যা সারাজীবন আমার সঙ্গে থাকবে। চেন্নাই সুপার কিংস সবসময় আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। ভবিষ্যতেও আমি এই দলের সাফল্য কামনা করব।'

আরো পড়ুন: