টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিভা ও দক্ষতা নষ্ট করে দিচ্ছে: রানাতুঙ্গা

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
অর্জুনা রানাতুঙ্গা, ফাইল ফটো
অর্জুনা রানাতুঙ্গা, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান প্রভাব ক্রিকেটের ব্যাটিং প্রতিভার বিকাশে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এক সাক্ষাৎকারে ১৯৯৬ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক জানান, ছোট সংস্করণের ক্রিকেটে অতিরিক্ত জোর দেওয়ার কারণে টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় ব্যাটিং কৌশল ও দক্ষতা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং টি-টোয়েন্টির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে আধুনিক ক্রিকেটারদের চিন্তায়ও বদল এসেছে। রানাতুঙ্গা মনে করেন, আগে যেখানে ব্যাটসম্যানরা টেকনিককে বেশি গুরুত্ব দিতেন, এখন সেখানে মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বড় শট খেলা। তার বিশ্বাস, এ কারণেই সুনীল গাভাস্কার বা শচীন টেন্ডুলকারের মতো নিখুঁত টেকনিকের ব্যাটসম্যান এখন আর খুব একটা তৈরি হচ্ছে না।

ভারতের ‘দ্য হিন্দু’কে দেয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট অনেক দিক থেকেই ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পুরো উপমহাদেশের ক্রিকেটারদের প্রতিভা ও দক্ষতাকে নষ্ট করে দিয়েছে।’

রানাতুঙ্গা যোগ করেন, ‘এখন সবাই শুধু পাওয়ার হিটিং দেখতে চায়। সে কারণেই ক্রিকেটাররাও সেই দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।’

আধুনিক ক্রিকেটারদের মানসিকতা নিয়েও হতাশা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তার দাবি, বর্তমান সময়ে অনেক ক্রিকেটার জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে বেশি গুরুত্ব দেন। যার ফলে জাতীয় দলের হয়ে খেলার সেই আবেদন বর্তমান খেলোয়াড়দের মধ্যে নেই বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সময়ে দেশের হয়ে খেলতে হলে চোট নিয়েও মাঠে নামতাম। কিন্তু এখন অনেকেই জাতীয় দলের ম্যাচের চেয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত রাখতে বিশ্রাম নেয়।’

তবে সমালোচনার পাশাপাশি ভারতের ১৫ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীকে নিয়ে আশাবাদও ব্যক্ত করেছেন রানাতুঙ্গা। তিনি মনে করেন, তরুণ এই ক্রিকেটারকে অতিরিক্ত প্রত্যাশার চাপ না দিয়ে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া উচিত।

রানাতুঙ্গা বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাকে শিশু হিসেবেই থাকতে দিন। সে এখনও একটি বাচ্চা ছেলে।’

আরো পড়ুন: