সোমবার ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে ওপেনার হিসেবে রাখা হয়েছে প্রভসিমরান সিং, অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীকে। ইংল্যান্ডের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে প্রত্যাশিত রান না পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে সূর্যবংশীর জন্য একাদশ থেকে সরে দাঁড়াতে হয়েছিল স্যামসনকে। এরপর জিম্বাবুয়ে সফরের দলেও জায়গা হয়নি তার।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, 'জিম্বাবুয়ে সফরের জন্য সাঞ্জুকে বিশ্রাম দেওয়া হয়েছে, এতে অবাক হওয়ার কিছু নেই। সেপ্টেম্বরে এশিয়ান গেমসে সে ভারতের দলে রয়েছে। তাই তাকে নিয়ে অযথা সমালোচনা করার আগে বিষয়টি জানা উচিত।'
সেই কর্মকর্তা আরো বলেছেন, 'সাঞ্জু একজন সিনিয়র ক্রিকেটার। যখন তার এই সিরিজে খেলার সম্ভাবনাই ছিল না, তখন তাকে দলে রাখার কোনো অর্থ হয় না। তরুণদের সুযোগ দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।'
চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ব্যর্থতার পর বিশ্বকাপের নকআউট পর্বে ৯৭, ৮৯ ও ৮৯ রানের ইনিংস খেলে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্যামসন। সেই আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
এরপর আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৭ রান করলেও আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ কয়েকটি ইনিংসে রান পাননি। জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্বে থাকবেন শ্রেয়াস আইয়ার। দলে আছেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা, ইশান কিশান, শিভম দুবে, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, প্রভসিমরান সিংসহ আরও কয়েকজন তরুণ ক্রিকেটার।