আকিল-মুকিমকে নিয়ে জিএসএলের দল ঘোষণা পার্থ স্কর্চার্সের

জিএসএল
পার্থ স্কচার্স, ফাইল ফটো
পার্থ স্কচার্স, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গায়ানায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সুপার লিগ (জিএসএল) সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। দলের বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেইন এবং পাকিস্তানের লেগস্পিনার সুফিয়ান মুকিম।

গত মৌসুমের বিগ ব্যাশ লিগ (বিবিএল) শিরোপাজয়ী হওয়ায় এবার জিএসএলে খেলার আমন্ত্রণ পেয়েছে স্কর্চার্স। আগের আসরে হোবার্ট হারিকেন্স অংশ নেওয়ায় এবার তাদের জায়গায় খেলবে পার্থের দলটি। নিয়মিত অধিনায়ক অ্যাশটন টার্নারের নেতৃত্বে মাঠে নামবে তারা।

বিদেশি তারকাদের তালিকায় আরও আছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চ্যাপম্যান, দক্ষিণ আফ্রিকার ডিয়ান ফরেস্টার, ওয়েস্ট ইন্ডিজের আকিম অগাস্ট এবং পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। এছাড়া অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডি'আর্সি শর্টও দলে জায়গা পেয়েছেন। কস্কর্চার্সের হয়ে কখনো না খেললেও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন খেলেছেন তিনি।

স্কর্চার্সের পরিচিত মুখদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট পেসার ঝাই রিচার্ডসন, অলরাউন্ডার অ্যারন হার্ডি এবং স্পিনিং অলরাউন্ডার অ্যাশটন আগার।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক কেড হার্ভে বলেন, 'এটি আমাদের জন্য ভিন্ন ধরনের একটি সুযোগ। খেলোয়াড়দের কাছে টুর্নামেন্টটির কথা তুলে ধরতেই তারা দারুণ আগ্রহ দেখিয়েছে। সবাই খেলতে মুখিয়ে আছে। গায়ানার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে এমন ক্রিকেটারদের দিয়েই আমরা দল সাজানোর চেষ্টা করেছি।'

২৩ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে এবারের গ্লোবাল সুপার লিগ। স্কর্চার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার সাইমন ক্যাটিচ। নিয়মিত কোচ অ্যাডাম ভোজেস সে সময় 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ট্রেন্ট রকেটসের দায়িত্বে থাকায় জিএসএলে থাকছেন না।

মোট ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পার্থ স্কর্চার্স ছাড়াও অংশ নেবে বর্তমান চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ডেজার্ট ভাইপার্স, লাহোর কালান্দার্স এবং সান ফ্রান্সিসকো ইউনিকর্নস।

পার্থ স্কর্চার্সের স্কোয়াড: অ্যাশটন টার্নার (অধিনায়ক), অ্যাশটন আগার, আকিম অগাস্ট, মার্ক চ্যাপম্যান, ব্রোডি কাউচ, জোয়েল কার্টিস, স্যাম ফ্যানিং, ডিয়ান ফরেস্টার, অ্যারন হার্ডি, আকিল হোসেইন, উসমান খান, সুফিয়ান মুকিম, ঝাই রিচার্ডসন ও ডি'আর্সি শর্ট।

আরো পড়ুন: