হোপ-গ্রিভসের জুটিতে ফলো-অন এড়ানোর পথে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা সিরিজ
শাই হোপ ও জাস্টিন গ্রিভস, ফাইল ফটো
শাই হোপ ও জাস্টিন গ্রিভস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শাই হোপ ও জাস্টিন গ্রিভসের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান। পঞ্চম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১৭৪ রানের জুটিতে ফলো-অন এড়াতে এখন ক্যারিবিয়ানদের দরকার মাত্র ৩১ রান।

৯ উইকেটে ৫৪৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করা শ্রীলঙ্কা দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে বড় লিড নেওয়ার পথেই ছিল। তবে ব্যাটিংয়ের সহায়ক উইকেটে সেই কাজটা সহজ হয়নি তাদের জন্য। এক উইকেটে ৫৮ রান নিয়ে দিন শুরু করা জন ক্যাম্পবেল ও কেভেম হজ প্রথম সেশনে স্বচ্ছন্দে ব্যাট করে দলকে ১০০ রানের গণ্ডি পার করান। ক্যাম্পবেল তুলে নেন অর্ধশতক। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আসিথা ফার্নান্দোর শর্ট বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে ৭২ রানে আউট হন তিনি।

লাঞ্চের পর ম্যাচে ফেরার আভাস দেয় শ্রীলঙ্কা। বাঁহাতি স্পিনার প্রভাত জয়াসুরিয়া দ্রুত দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। প্রথম টেস্টের নায়ক আমির জাঙ্গুকে বিরাট এক টার্ন নেওয়া বলে শর্ট লেগে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর একই স্পেলে কেভেম হজকেও ফেরান জয়াসুরিয়া। সামনে এগিয়ে রক্ষণাত্মক শট খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৩৯ বলে ৩১ রান করেন হজ।

এরপর জুটি গড়েন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। দুজনই কোনো ঝুঁকি না নিয়ে ধৈর্যের সঙ্গে ব্যাট করতে থাকেন। দুই ম্যাচের সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের সম্ভাবনা জিইয়ে রাখতে শ্রীলঙ্কার দরকার ছিল দ্রুত উইকেট। কিন্তু হোপ-গ্রিভসের দারুণ ব্যাটিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে থাকে ক্যারিবীয়রা।

তৃতীয় দিনের বাকি ৫৪ ওভার নির্বিঘ্নে পার করে দুজনই তুলে নেন অর্ধশতক। দিনের খেলা শেষে হোপ অপরাজিত ৮৬ এবং গ্রিভস ৮৫ রানে। চতুর্থ দিনের সকালে দুজনই সেঞ্চুরির খুব কাছাকাছি। তাদের জুটির কারণেই ফলো-অন এড়িয়ে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ৫৪৯/৯ (ইনিংস ঘোষণা) (লাহিরু উদারা ১৮৮, সোনাল দিনুশা ৯২, কামিন্দু মেন্ডিস ৮৪, কুশল মেন্ডিস ৬৯)।

ওয়েস্ট ইন্ডিজ ৩১৮/৪ (শাই হোপ ৮৬*, জাস্টিন গ্রিভস ৮৫*; প্রভাত জয়াসুরিয়া ২/৭৭)।

আরো পড়ুন: