ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় পরিবর্তনের ভাবনা, ডিআরএসেও নতুন উদ্যোগ আইসিসির

আইসিসি সভা
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পূর্ণ সদস্য দেশগুলোর ক্রিকেটারদের ক্ষেত্রে বিদেশি খেলোয়াড়ের বর্তমান চারজনের সীমা বাড়ানোর সুযোগ আছে কি না, তা নিয়ে আলোচনা হবে সংস্থাটির বার্ষিক সম্মেলনে। একই সঙ্গে কম খরচে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালুর লক্ষ্যে নতুন প্রযুক্তি সরবরাহকারীদের অনুমোদনের জন্য একটি সার্টিফিকেশন ব্যবস্থা চালুর প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

৮ থেকে ১১ জুলাই স্কটল্যান্ডের এডিনবরায় অনুষ্ঠিতব্য আইসিসির বার্ষিক সম্মেলনে এসব বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি মরিশাস ক্রিকেট ফেডারেশনকে (এমসিএফ) সহযোগী সদস্যপদ দেওয়ার বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ডিআরএস প্রযুক্তি সরবরাহের অনুমোদন রয়েছে কেবল যুক্তরাজ্যভিত্তিক হক-আই ইনোভেশনস এবং নিউজিল্যান্ডভিত্তিক ভার্চুয়াল আই-এর। তবে তাদের সেবার ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় ছোট ক্রিকেট বোর্ড, এমনকি ভারতের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার আয়োজিত ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্যও এটি ব্যবহার করা কঠিন। গড়ে প্রতিদিন ডিআরএস ব্যবহারে প্রায় ১০ হাজার মার্কিন ডলার খরচ হয়।

জানা গেছে, ভারতের অন্তত দুটি প্রযুক্তি প্রতিষ্ঠান কম খরচের ডিআরএস প্রযুক্তি তৈরি করেছে এবং ইতোমধ্যে আইসিসির কাছে তাদের উপস্থাপনাও করেছে। এ ছাড়া বিদেশের আরও কয়েকটি প্রতিষ্ঠানও এই প্রতিযোগিতায় রয়েছে। আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি (সিইসি) প্রস্তাবিত সার্টিফিকেশন ব্যবস্থা অনুমোদন করলে নতুন প্রযুক্তি সরবরাহকারীদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খুলে যেতে পারে।

আইসিসির একটি সূত্র জানিয়েছে, বর্তমান ও সম্ভাব্য সব ডিআরএস প্রযুক্তি সরবরাহকারীর জন্য একটি নির্ভরযোগ্য মূল্যায়ন ও পরীক্ষার ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে বিশ্বজুড়ে ক্রিকেটে কম খরচে ডিআরএস ব্যবহারের সুযোগ বাড়াতেই এই সার্টিফিকেশন ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হচ্ছে।

এডিনবরার বৈঠকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। বর্তমানে আইসিসির তদারকি মূলত সেসব ফ্র্যাঞ্চাইজি লিগেই সীমাবদ্ধ, যেখানে পূর্ণ সদস্য দেশগুলোর চারজনের বেশি বিদেশি ক্রিকেটার অংশ নেন। এই নীতিমালা সম্প্রসারণ করে আরও বেশি দেশীয় ফ্র্যাঞ্চাইজি লিগকে আইসিসির আওতায় আনার সুযোগ রয়েছে কি না, সেটিও বৈঠকে পর্যালোচনা করা হবে।

এই আলোচনা গত মে মাসে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভার সিদ্ধান্তেরই ধারাবাহিকতা। সে সময় বিশ্বজুড়ে দ্রুত বিস্তার লাভ করা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট সূচির সঙ্গে এসব লিগের সমন্বয় কীভাবে করা যায়, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি।

এ ছাড়া মরিশাস ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্যপদ দেওয়ার বিষয়টিও সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে। অনুমোদন পেলে মরিশাস হবে আইসিসির ১১১তম সদস্য। বর্তমানে আইসিসির ১২টি পূর্ণ সদস্য এবং ৯৮টি সহযোগী সদস্য রয়েছে।

সম্মেলনের প্রথম দিন, ৮ জুলাই অনুষ্ঠিত হবে আইসিসির তিনটি সহযোগী সদস্য পরিচালক পদের নির্বাচন। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংযুক্ত আরব আমিরাতের মুবাশির উসমানি, মালয়েশিয়ার মহিন্দা ভাল্লিপুরাম, ফ্রান্সের গুরুমূর্তি পালানি, নামিবিয়ার রুডি ভ্যান ভুরেন এবং সিঙ্গাপুরের ইমরান খাজা।

আরো পড়ুন: