ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়ে ক্রিকেটে ফিরছেন দয়াল

ভারতীয় ক্রিকেট
বিসিসিআই
বিসিসিআই
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
গত বছরের জুনে আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছিলেন এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে। ধর্ষণের অভিযোগ ওঠায় বছরখানেক ধরে মাঠের ক্রিকেটের বাইরে আছেন বাঁহাতি এই পেসার। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবারও ক্রিকেটে ফিরছেন দয়াল। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে খেলবেন তিনি।

ক্রিকেট খেলার জেরে মেয়েটির সঙ্গে পরিচয় হয়েছিল দয়ালের। পরবর্তী সময়ে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। মেয়েটির ভাষ্যমতে পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। বিয়ের আশ্বাস দিয়ে পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছিলেন ২৭ বছর বয়সী বাঁহাতি এই পেসার। বিয়ের প্রতিশ্রুতি দিলেও মেয়েটিকে বিয়ে করেননি দয়াল।

বরং পেশাদার ক্রিকেটে তাকে ক্যারিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি এবং ব্ল্যাকমেল করার মাধ্যমে দুই বছর ধরে তার ওপর যৌন নির্যাতন করছেন বলে অভিযোগ আনেন মেয়েটি। ২০২৫ আইপিএলের সময় জয়পুরের সীতাপুরার একটি হোটেলে মেয়েটিকে ডেকে এনে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ ওঠে। মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে দয়ালের নামে ধর্ষণ মামলাও হয়।

যদিও বছরখানেকের ব্যবধানে মেয়েটির সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন দয়াল। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ক্রিকেটে ফিরতে বাধা থাকছে না বাঁহাতি এই পেসার। উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে খেলতে দেখা যাবে তাকে। ২০২৫ আইপিএলের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন দয়াল।

উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ইউপিসিএ) সেক্রেটারি প্রেম মনোহর নিশ্চিত করেছেন, ২৭ বছর বয়সী এই পেসারকে লিগ খেলার এনওসি দেওয়া হবে। এ প্রসঙ্গে টাইমস অব ইন্ডিয়াকে মনোহর বলেন, ‘ঘরোয়া ক্রিকেট এবং লিগ ক্রিকেট খেলার জন্য ইউপিসিএ দয়ালকে এনওসি দেবে। কারণ আইনগত সব সমস্যার সমাধান হয়েছে।’

ইউপি টি-টোয়েন্টি লিগ গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান সঞ্জয় কাপুর নিশ্চিত করেছেন, দয়ালকে রিটেইন করবে গোরাখপুর লায়ন্স। জুলাইয়ের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্টের নিলাম। ইউপি টি-টোয়েন্টি লিগের প্রচার-প্রসারের স্বার্থে আগ্রা কিংবা নয়দাতে নিলাম করতে চায় তারা। তবে সেখানে ভালো মানের হোটেল না পাওয়া গেলে বিকল্প হিসেবে লক্ষ্ণৌকে বেছে নেওয়া হবে।

২০২৫ সালে প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেবার দলের অন্যতম সদস্য ছিলেন বাঁহাতি এই পেসার। দুর্দান্ত বোলিংয়ে ১৫ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট। তবে ধর্ষণের অভিযোগ ওঠায় আইপিএলের সবশেষ আসরে বেঙ্গালুরুর হয়ে খেলতে পারেননি তিনি। অভিযোগ থেকে মুক্তি পাওয়ায় আইপিএলে ফিরতেও বাধা থাকছে না দয়ালের।

আরো পড়ুন: