যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত দয়ালকে খেলাবে না বেঙ্গালুরু

আইপিএল
ইয়াশ দয়াল
ইয়াশ দয়াল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়াশ দয়াল। পুরো আসরে ১৩ উইকেট নিয়ে বল হাতে দলের অন্যদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালের পর থেকেই তিনি মাঠের বাইরে। চলমান আইনি জটিলতার কারণেই তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আটকে আছে।

তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। দয়ালের বিরুদ্ধে দুটি পৃথক ফৌজদারি মামলা রয়েছে, যেখানে গুরুতর যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। প্রথম মামলাটি দায়ের হয় ২০২৫ সালের জুলাইয়ে, গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায়। সেখানে এক নারী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের সম্পর্কে তাকে শারীরিক ও মানসিকভাবে শোষণ করা হয়েছে।

এর কিছুদিন পর দ্বিতীয় মামলা হয় জয়পুরে ভারতীয় ন্যায় সংহিতার অধীনে। এক কিশোরীর অভিযোগ, ২০২৩ সাল থেকে একাধিকবার তাকে যৌন নিপীড়ন করা হয়েছে, যার মধ্যে ২০২৫ আইপিএলের সময়ের একটি ঘটনা এর সঙ্গে সম্পর্কযুক্ত বলে জানা গেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে।

এবারের আইপিএলেও মাঠে নামার কথা ছিল বেঙ্গালুরুর। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে এই পেসারকে খেলানো হবে না এবার। এই বিষয়টি নিশ্চিত করেছেন বেঙ্গালুরুর ক্রিকেট ডিরেক্টর মো বোবাত। তিনি গণমাধ্যমকে বলেন, 'ইয়াশ একটি ব্যক্তিগত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সে আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে, কিন্তু এই মৌসুমে সে দলে থাকবে না।'

আইপিএলের নিলামের আগে দয়ালকে রিটেনশন তালিকা রাখার পর থেকেই আলোচনা শুরু হয়েছিল। সমালোচনার মুখে এবার এই পেসারকে বাদ দিয়েই আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও দয়ালকে ছাড়াও বেশ শক্তিশালী বেঙ্গালুরুর বোলিং আক্রমণ। দলটির পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। আর স্পিন আক্রমণে থাকবেন ক্রুনাল পান্ডিয়া।

বিদেশিদের মধ্যে জশ হ্যাজেলউড, নুয়ান থুশারা, জ্যাকব ডাফি ও রোমারিও শেফার্ড আছেন পেস বোলিং আক্রমণে। যদিও দয়ালকে চুক্তিতে রেখে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। তবে তার ভবিষ্যৎ নির্ভর করছে ব্যক্তিগত ও আইনি জটিলতার সমাধানের ওপর। ২৮ মার্চ আইপিএল ২০২৬ শুরু হলেও, দয়ালকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে বেঙ্গালুরুকে।

আরো পড়ুন: