এক হয়ে যাচ্ছে মেলবোর্নের দুই ফ্র্যাঞ্চাইজি

বিগ ব্যাশ
মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টার্সের দুই অধিনায়ক
মেলবোর্ন রেনেগেডস ও মেলবোর্ন স্টার্সের দুই অধিনায়ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিগ ব্যাশে খেলা মেলবোর্নের দুই দল মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডস একীভূত হতে যাচ্ছে। ফক্স স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট ভিক্টোরিয়ার অধীনে থাকা এই দুই ফ্র্যাঞ্চাইজিকে এক করে একটি নতুন দল গঠন করা হবে। মঙ্গলবারই বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

নতুন দলটির নাম থাকবে ‘মেলবোর্ন’। বিগ ব্যাশের নিয়ম অনুযায়ী এটি ‘ভিক্টোরিয়া’ নামে খেলতে পারবে না, বরং ‘মেলবোর্ন’ নামেই খেলবে। দলটি হোম ম্যাচ খেলবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এবং সম্ভাব্যভাবে নেভি ব্লু রঙের জার্সি পরবে। এর আগে কোড স্পোর্টসের ড্যানিয়েল চেরনি জানিয়েছিলেন, নতুন নাম হিসেবে ‘বুশরেঞ্জার্স’ নিয়েও আলোচনা হয়েছিল।

ক্রিকেট ভিক্টোরিয়া বর্তমানে দুটি দলই পরিচালনা করে। তবে বিগ ব্যাশের দ্বিতীয় লাইসেন্সটি সম্পূর্ণভাবে বিক্রির পরিকল্পনা রয়েছে, যা কিনে নিতে পারে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজিই। আগের প্রতিবেদনে বলা হয়েছিল, রেনেগেডস ভবিষ্যতে বিক্রি হয়ে যেতে পারে। এবার সেই খবরই সত্য হচ্ছে। ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স জানিয়েছেন, পরিকল্পনা বাস্তবায়নের আগে এখনও কিছু ধাপ বাকি আছে।

একীভূতকরণের ফলে তিনজন কর্মকর্তা চাকরি হারাবেন। নতুন ক্লাবের দায়িত্বে থাকবেন বর্তমান রেনেগেডস জেনারেল ম্যানেজার জেমস রোজেনগার্টেন।লাইসেন্স বিক্রির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত মেলবোর্ন স্টার্সের জেনারেল ম্যানেজার ম্যাক্স অ্যাবট অন্তর্বর্তীকালীনভাবে রেনেগেডসের দায়িত্ব সামলাবেন। আর চলতি মৌসুম শুরুর আগে বিক্রি সম্পন্ন না হলে রেনেগেডস আগের নামেই বিবিএলে খেলবে।

আপাতত দুই দলের খেলোয়াড়দের চুক্তি ও স্কোয়াড আলাদা থাকছে। এ বিষয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২৭-২৮ মৌসুম থেকে বিগ ব্যাশের মালিকানার অংশ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। যদিও বর্তমানে সেটি এখনো স্থগিত অবস্থায় রয়েছে।

নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড এই পরিকল্পনার বিরোধিতা করেছে। ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও তাসমানিয়া এই উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছে। রেনেগেডস ২০১৮-১৯ মৌসুমে শিরোপা জিতলেও স্টার্স এখনো কোনো শিরোপা জিততে পারেনি; তিনবার রানার্সআপ হয়েছে। এর ফলে বোঝাই যাচ্ছে জনপ্রিয় একটি দলকে বিদায় নিতে হচ্ছে বিগ ব্যাশ থেকে।