আমিরের স্ত্রী নারজিস আমির একজন ব্রিটিশ নাগরিক। পাশাপাশি পেশায় তিনি একজন আইনজীবী। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা দুজন। কয়েক বছর ধরে স্ত্রীর সঙ্গে ইংল্যান্ডেই থাকেন আমির। সেই সুবাদেই ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন সাবেক এই পাকিস্তান পেসার।
ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমির নিজেই। ‘মোহাম্মদ আমিরের জন্য নতুন একটা জার্নি শুরু হলো, আজ থেকে আনুষ্ঠানিকভাবে সে ব্রিটিশ নাগরিক এবং পাসপোর্ট হাতে পেয়েছে।’ এমন একটা ইনস্টাগ্রাম স্টোরি পুনরায় শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ব্রিটিশ পাসপোর্ট হাতে পাওয়ায় আইপিএল খেলতে বাধা থাকছে না আমিরের। ভারতের লিগের প্রথম আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন শোয়েব আখতার, সোহেল তানভীর, মোহাম্মদ আসিফ, উমর গুলের মতো তারকা ক্রিকেটাররা। তবে ২০০৯ সাল থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের খেলা নিষিদ্ধ করে বোর্ড ভারত।
যদিও পরবর্তী সময়ে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওয়াসিম আকরাম। এ ছাড়া ধারাভাষ্য দিয়েছেন রমিজ রাজা। তবে পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএল খেলার সুযোগ নেই। আমির ব্রিটিশ পাসপোর্ট পাওয়ায় আইপিএলের নিলামে নাম দিতে পারবেন এবং কেউ দলে নিলে খেলতেও পারবেন। একই উপায়ে আইপিএল খেলেছেন আজহার মেহমুদ।
ইংল্যান্ডের নাগরিক হওয়ার পর ২০১২ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের (পাঞ্জাব কিংস) হয়ে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। আমির আইপিএল খেলতে কতটা মুখিয়ে সেটা জানিয়েছেন গত বছরই। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘হারনা মান হে’তে আমির বলেছিলেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’